এখনো ক্ষুধার্ত পিরলো

কাঁধ ছড়ানো চুল, শ্মশ্রূমণ্ডিত চেহারা—দেখে মনে হয় যেন গ্রিক পুরাণের কোনো চরিত্র। এই মানুষটাই ফুটবল পায়ে হয়ে ওঠেন ‘মোজার্ট’, সবুজ মাঠে সুরের ঝংকার তোলায় তাঁর যত মনোযোগ। ২০ বছর ধরে অক্লান্ত খেলে যাচ্ছেন, তাও খেলাটির প্রতি তাঁর ভালোবাসা যেন এখনো শিশুর মতোই। কী জেতেননি ক্যারিয়ারে? অথচ এই বয়সে এসেও জয়ের ক্ষুধা কমেনি একরত্তিও।
আন্দ্রেয়া পিরলো। ফুটবল পায়ে তাঁর ‘অলস-সুন্দর’ কারুকাজে মুগ্ধ সতীর্থরা কেউ ডাকেন ‘দ্য আর্কিটেক্ট’, কারও কাছে তিনি ‘মোজার্ট’ অথবা ‘দ্য প্রফেসর’!
জুভেন্টাস অধ্যায় শেষ করে যোগ দিয়েছেন মেজর লিগ সকারের নতুন ফ্র্যাঞ্চাইজি নিউইয়র্ক সিটিতে, আজই হয়তো মাঠে নামবেন। শুধু খেলার টানেই এই ৩৬ বছর বয়সে আটলান্টিকের এপারে পাড়ি জমিয়েছেন। বৃহস্পতিবার নতুন ক্লাবের হয়ে পরিচিতিপর্বেও সেটাই বললেন, ‘দুর্ভাগ্য, সময়টাকে পেছনে নিয়ে যেতে পারছি না, এটাই আমার বয়স। আর সৌভাগ্য, জয়ের ক্ষুধা আর খেলার প্রতি ভালোবাসা এখনো আগের মতোই আছে। এই ভালোবাসা যত দিন থাকবে তত দিন খেলে যাব।’
নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ। ক্যারিয়ার-সায়াহ্নে এসেও এই চ্যালেঞ্জ রোমাঞ্চিত করছে পিরলোকে, ‘আসলে প্রতিটা নতুন চ্যালেঞ্জের সঙ্গে খেলার প্রতি ভালোবাসা আরও বাড়ছে। নয়তো ইতালিতে থেকেই অবসর নিয়ে নিতাম।’
নিন্দুকেরা বলছেন, এই শেষ বয়সে কিছু টাকা কামিয়ে নিতে যুক্তরাষ্ট্রে গেছেন পিরলো। কথাটা ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন ইতালিয়ান কিংবদন্তি, ‘আপনি যখন সর্বোচ্চ পর্যায়ে খেলবেন, ভালো আয় করাই স্বাভাবিক। তবে টাকা-পয়সা এক জিনিস, ফুটবল অন্য। আমি কখনো টাকার জন্য খেলিনি। আমি খেলি, কারণ খেলাটিকে আমি ভালোবাসি। অন্যরা যা ইচ্ছা তা বলতেই পারেন।’ দাবিটা অবশ্য করতেই পারেন পিরলো। জেরার্ড-ল্যাম্পার্ড-কাকাদের তুলনায় তাঁর বেতন তো নস্যি। এমএলএসে সবচেয়ে বেশি বেতন পান কাকা, ৪.৫৬ মিলিয়ন পাউন্ড। সেখানে পিরলোর বেতন মাত্র ১ মিলিয়ন পাউন্ড!
চ্যালেঞ্জ নতুন, তবে লক্ষ্য আছে আগের মতোই—শিরোপা। ল্যাম্পার্ড-ভিয়াদের সঙ্গে জুটি বেঁধে প্রথম মৌসুমেই এমএলএসের নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে জিততে চান ‘এমএলএস কাপ’। পাশাপাশি জনপ্রিয় করতে চান মেজর লিগকেও। ম্যাগাজিন কাভারের ছবি হওয়ার জন্য ক্যামেরার স্পিডলাইটের চেয়ে মাঠের ফ্লাডলাইটের আলোই বেশি টানে তাঁকে। সংবাদ সম্মেলনেই বললেন, ‘আমেরিকায় ঘুরতে বা বিজ্ঞাপনের কাজে আসিনি। ফুটবল খেলতেই এসেছি আমি, এবং এ কাজটাই আমি সবচেয়ে ভালো পারি। সঙ্গে যদি এমএলএসের জনপ্রিয়তাও বাড়াতে পারি, সেটা টনিকের মতো কাজ করবে।’ রয়টার্স।