এখনো ভয়ের মধ্যে আছেন নেইমার

>গত ফেব্রুয়ারি থেকেই মাঠের বাইরে নেইমার। চোট থেকে সেরে ওঠার পর এই প্রথম মাঠে অনুশীলনে নামতে যাচ্ছেন। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচের এখনো ৩৬ দিন বাকি। নেইমার এর মধ্যেই পুরো ছন্দে ফিরবেন বলে ব্রাজিলের আশা
নেইমার বিশ্বকাপে খেলতে পারবেন তো? ব্রাজিল-সমর্থকদের বুকটা শঙ্কায় কেঁপে উঠেছিল তখন। এমনিতে গত বিশ্বকাপে নেইমারকে নিয়ে ভয়ের স্মৃতিটা এখনো ভোলেনি তারা। এর মধ্যেই বিশ্বকাপের আগে এমন চোট! অস্ত্রোপচার শেষে মাঠে ফেরার অপেক্ষায় থাকা নেইমারও জানালেন, ভয়ের মেঘ ঘিরে ধরেছিল তাঁকেও। এমনকি এখনো ভয় পুরো পিছুছাড়া করেনি।
ব্রাজিল কিংবদন্তি জিকোকে তাঁর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘ঈশ্বরের কৃপায় সবকিছু ভালোমতো চলছে। তবে আপনি যখন দীর্ঘ চোট সেরে ফিরে আসবেন, একধরনের ভয় তো থাকেই। এখন আমাকে যত দ্রুত সম্ভব এই ভয়গুলো কাটিয়ে বিশ্বকাপে যেতে হবে।’ নেইমার এও বলেছেন, পায়ের আচ্ছাদন খুলে ফেলার পর পুরো পা নড়াতেও ভয় লাগছিল তাঁর। পাছে যদি আবার ব্যথা পান!
গত ফেব্রুয়ারি থেকেই মাঠের বাইরে নেইমার। পিএসজির হয়ে খেলার সময় মারাত্মক চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। পায়ের পাতায় অস্ত্রোপচার করাতে হয়। যেকোনো অস্ত্রোপচার থেকে পুরো সেরে উঠতে সময় তো লাগেই। নেইমারের মাঠের অনুশীলন এখনো শুরু হয়নি। কয়েক দিনের মধ্যেই সেটিও শুরু হয়ে যাবে। ফুটবল বিশ্বকাপ এখনো ৩৩ দিন বাকি। ১৪ জুন বিশ্বকাপ শুরু। ব্রাজিলের প্রথম ম্যাচ ১৭ জুন, সুইজারল্যান্ডের বিপক্ষে।
ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো সালমার সুখবর শুনিয়েছেন। এএফপিকে তিনি বলেছেন, আগামী সপ্তাহ থেকে নেইমারের মাঠের অনুশীলন শুরু হবে। চোট থেকে ফেরার পর নেইমার এত দিন শুধু জিমে শারীরিক অনুশীলন করছিলেন। এবার বল নিয়েও শুরু হবে অনুশীলন। এই অনুশীলন নেইমারের আত্মবিশ্বাস আর ছন্দ ফিরিয়ে আনতেও সাহায্য করবে।
নেইমার এখন প্যারিসে অবস্থান করছেন। ব্রাজিলের চিকিৎসকও এখন সেখানে।