এখনো রিয়াল-প্রেমে মজে আছেন পগবা
গত বেশ কয়েক বছর ধরেই গুঞ্জনটা চলছে। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জিনেদিন জিদানের আসার পর সে গুঞ্জনের মাত্রাটা বেড়েছে আরও। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পল পগবা রিয়ালে পা রাখবেন, প্রতি দলবদলে এমন কথাবার্তা শোনা গেলেও শেষমেশ তা কখনই বাস্তবতার মুখ দেখে না। নিজের দেশের ইতিহাসের অন্যতম সেরা তারকা ও রিয়ালের মতো দলের কোচ তাঁর প্রতি আগ্রহী, এমনটা জেনে পগবার মনেও রিয়াল নিয়ে ভালোবাসা জন্মেছে, যে ভালোবাসার প্রমাণ পাওয়া যায় মাঝে-মধ্যেই। এবারও আকারে-ইঙ্গিতে জানিয়ে দিলেন, রিয়ালের জন্য অপেক্ষা করছেন এই মিডফিল্ডার।
রিয়ালে যোগ দেওয়া তাঁর স্বপ্নই, ‘জিদান আমাকে দলে পাওয়ার ব্যাপারে আগ্রহী, এ নিয়ে অনেক কিছুই বলা-লেখা হয়েছে। আমি আর কি বলব। আমি জানি, বিশ্বের সব তারকাই রিয়ালের হয়ে খেলতে চায়। রিয়ালের হয়ে খেলতে পারলে সেটা অবশ্যই স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার হবে। রিয়ালে যোগ দেওয়া আমার স্বপ্ন, একদিন না একদিন, সুযোগ যদি পাই, তাহলে কেন যোগ দেব না?’
তবে পগবাও জানেন, যোগ দিতে চাই বললেই তো আর যোগ দেওয়া যায় না। পেশাদারত্ব বলেও একটা কথা আছে। তিনি এখন ম্যানচেস্টার ইউনাইটেডের চুক্তিবদ্ধ খেলোয়াড়। এই অবস্থায় অন্য কোনো ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছার কথা এভাবে বললে ভালোই সমস্যা হতে পারে। তাই পরে ঠিকই ইউনাইটেডের প্রতি নিজের আত্মনিবেদনের কথা তুলে ধরেছেন, ‘আমি আগেও বলেছি, আমি এখন ম্যানচেস্টারে আছি। আর আমি আমার ক্লাবকে পছন্দ করি। আমি আমার এখনকার ক্লাবকে আমার সামর্থ্যের সবটুকু দিয়ে সাহায্য করতে চাই। ক্লাবটা আগে যে অবস্থানে ছিল, সে অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে চাই।’
গত মৌসুমের বিরাট অংশ চোটে পড়ে মাঠে নামতে পারেননি। ফলে ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারটাও ঝুলে আছে। পগবা এখনই সেদিকে মনোযোগ দিতে চাইছেন না। তাঁর ধ্যান-জ্ঞান এখন ভালো খেলার দিকে, ‘চুক্তি নিয়ে অনেক কথাই বলা হচ্ছে। তবে সত্যি বলতে কি, ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে কোনো কথা হয়নি। মাত্রই খেলায় ফিরেছি, আমার লক্ষ্য এখন ভালো খেলার দিকে। ফর্মে ফিরতে চাই।’
পগবার সঙ্গে চুক্তি নিয়ে ইউনাইটেডের জটিলতা শুরু হলে আবার রিয়াল মাদ্রিদের সুবিধা। তখন হয়তো পগবাকে দলে আনতে কোনো বেগই পেতে হবে না জিদানকে!