এখনো রেহাই মেলেনি মেসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর ফাঁকির মামলা থেকে এখনো মুক্তি পাননি মেসি
আয়কর ফাঁকির মামলা থেকে এখনো মুক্তি পাননি মেসি

বিশ্বকাপ চলার সময় খবর এসেছিল আয়কর ফাঁকির মামলা থেকে রেহাই পেয়ে গেছেন লিওনেল মেসি। স্পেনের আদালত তেমন রায়ই দিয়েছিলেন। কিন্তু নতুন করে মেসির বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কাতালোনিয়ার এক বিচারক।

২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত দেখানো আয়কর বিবরণীতে প্রায় ৪০ লাখ ইউরোর বেশি কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ মেসির বিরুদ্ধে। এ জন্য গত বছর আদালতের কাঠগড়াতেও দাঁড়াতে হয়েছে আর্জেন্টাইন তারকাকে। স্পেনের কর বিভাগে বকেয়া করসহ প্রায় ৫০ লাখ ইউরো পরিশোধ করলেও পরিত্রাণ পাননি। তবে বিশ্বকাপ চলার সময় স্প্যানিশ আদালতের এক রায় দেখে মনে হয়েছিল যে ঝামেলাটা ঝেড়ে ফেলতে পেরেছেন এসময়ের অন্যতম সেরা এই ফুটবলার। সে সময় এক বিবৃতিতে বলা হয়েছিল, ‘লিওনেল মেসি নিজের উপার্জনের ব্যবস্থাপনা বা লেনদেনের সঙ্গে জড়িত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে ওয়াকিবহাল নন।’

কিন্তু এখন আবার নতুন করে মেসিকে জড়ানো হয়েছে এই মামলার সঙ্গে। আর্থিক হিসাব-নিকাশের অনেক কিছুই মেসি জানতেন এবং সেগুলোতে তাঁর সম্মতি ছিল—এমন অনেক প্রমাণ আছে বলে দাবি করেছেন কাতালোনিয়ার এক বিচারক। প্রমাণ হিসেবে যেসব কাগজপত্র তদন্ত করা হয়েছে, সেগুলোর অনেকগুলোতেই মেসির স্বাক্ষর আছে এবং এসব বিষয়ে তাঁর সতর্ক থাকা দরকার ছিল বলে মন্তব্য করেছেন ওই বিচারক।