এখনো সতর্ক রানিয়েরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানিয়েরি
রানিয়েরি

রূপকথা লিখে গন্তব্যে প্রায় পৌঁছেই গেছে। এখন শুধু মাথা ঠান্ডা করে তীরে তরি ভেড়ানোর অপেক্ষা। তবে লেস্টার সিটি কোচ ক্লদিও রানিয়েরি বারবার মনে করিয়ে দিচ্ছেন, এতটুকু ঢিল দিলে চলবে না। শেষ পথটুকুতেই তো বিপদ ওত পেতে থাকতে পারে!
যে দলটি গত মৌসুমে অবনমন এড়াতে লড়ছিল, তারাই এবার ইংলিশ লিগ জয় থেকে নিশ্বাস-দূরত্বে। পরশু সোয়ানসিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে লেস্টার চলে গেছে আরেকটু কাছাকাছি। শেষ তিন ম্যাচে ৫ পয়েন্ট পেলেই চলবে। সেটি না-ও লাগতে পারে, যদি শিরোপার একমাত্র প্রতিদ্বন্দ্বী টটেনহাম হোঁচট খায়। ওয়েস্ট ব্রমের সঙ্গে টটেনহাম কাল রাতে কী করেছে, সেটাও এতক্ষণে হয়তো জেনে গেছেন।
তবে রানিয়েরি এত কাছে এসেও খুব সতর্ক। লেস্টারের বাকি তিন ম্যাচই যে তাঁর কপালে চিন্তার সামান্য রেখা এঁকে দিচ্ছে। পরের ম্যাচটাই ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে। এরপর এভারটনের সঙ্গে নিজেদের মাঠে খেলার পর শেষ ম্যাচে লেস্টারকে যেতে হবে চেলসির মাঠে। রানিয়েরি আশার বাণী শুনিয়েও তাই খেলোয়াড়দের বারবার মনে করিয়ে দিচ্ছেন, ‘আমি খুবই আশাবাদী, ইতিবাচক। তবে আমি জানি কাজটা সহজ হবে না। কারণ টটেনহাম সব ম্যাচই জিততে যাচ্ছে, আর আমাদের দরকার ৫ পয়েন্ট। সেটাও কঠিন। তিনটি ম্যাচের মধ্যে দুটি বাইরে। আমাদের একটুর জন্যও মনোযোগ হারালে চলবে না।’
নিষেধাজ্ঞার জন্য পরশুর ম্যাচ খেলতে পারেননি লেস্টার-রূপকথার অন্যতম কুশীলব জেমি ভার্ডি। তাঁর অভাবটা অবশ্য বুঝতেই দেননি দলের অন্যরা। তবে ইউনাইটেডের বিপক্ষেও মাঠে নামতে পারবেন না ভার্ডি।
কিন্তু তীরে এসে যদি তরি ডোবে? রানিয়েরি জানেন স্নায়ুচাপ তাঁর দলকে লক্ষ্যচ্যুত করতে পারবে না, ‘কেন আমরা স্নায়ুচাপে থাকব? পুরো মৌসুমটাই আমরা উপভোগ করেছি। দারুণ একটা মৌসুম কাটাচ্ছি। অনেক কিছুই পেয়েছি। আমরা জানি, ইতিহাস থেকে আমরা তিন ম্যাচ দূরে। কিন্তু আমরা নিজেদের সবটুকুই উজাড় করে দিয়েছি।’ লেস্টার কোচ অন্তর থেকে বিশ্বাস করেন, ‘আমরা হৃদয় দিয়ে খেলি। আর হৃদয় ও আত্মা দিয়ে খেলে এ রকম একটা ক্লাবকে হারানো সহজ নয়।’
রানিয়েরির শেষ কথাটাই কি লেস্টারের সাফল্যের গোপন সূত্র? এএফপি।