তাঁর মুখে মেসির প্রশংসা? বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড হতে পারেন সময়ের অন্যতম সেরা ফুটবলার, হয়তো ফুটবল ইতিহাসেরও অন্যতম সেরা। কিন্তু সেটা অন্য অনেকের চোখে। লিওনেল মেসির প্রশংসা করতে গিয়ে কিংবদন্তি পেলে কিন্তু বরাবরই একটু ‘রক্ষণশীল’ থেকেছেন। কে জানে সেটা চিরপ্রতিদ্বন্দ্বী দেশের একজন বলেই কিনা! এবার অবশ্য সেটা ভুলেই মেসির প্রশংসায় বেশ ‘উদার’ পেলে! আর্জেন্টাইন খুদে জাদুকরকে শুধু গ্রেট স্বীকৃতি দিয়েই থেমে থাকেননি। বলেছেন, মেসির বিশ্বকাপ জেতার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। রাশিয়াতেই বিশ্বকাপ জিততে পারেন মেসি।
বিশ্বকাপ জয়ের সুযোগটা অবশ্য এবারই খুব ভালোভাবে পেয়েছিলেন মেসি। কিন্তু মারাকানার ফাইনালে ১১৩ মিনিটে গোল খেয়ে ২৮ বছরের অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হয় আর্জেন্টিনার। অধরা একমাত্র শিরোপার আক্ষেপটা বেড়ে যায় মেসিরও। বয়স আর ফর্ম বিবেচনায় অনেকের চোখে এটাই ছিল মেসির সেরা সুযোগ। ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টাইন ফরোয়ার্ডের বয়স চলে যাবে ৩১-এর কোঠায়। তত দিনে তিনি এমন ছন্দে থাকবেন কি না, সেটা নিয়েও সন্দিহান কেউ কেউ। তবে নিজে প্রায় ৩০ বছর বয়সেও তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছেন বলেই হয়তো মেসির ব্যাপারেও বেশ আশাবাদী পেলে। সম্প্রতি জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল কিংবদন্তি বলেছেন, ‘অবশ্যই ও এখনো বিশ্বকাপটা জিততে পারে। ও খুবই শৃঙ্খলাপূর্ণ জীবন যাপন করে। নিজের ভালো যত্ন নেয়। শারীরিকভাবেও ও দারুণ অবস্থায় আছে। আমার মনে কোনো সন্দেহ নেই, ও পরের বিশ্বকাপটাও খেলবে।’ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হেরেছেন বলেই মেসির এত দিনের অর্জন বিলীন হয়ে যাবে—তা-ও মনে করেন না পেলে, ‘জার্মানির কাছে হারায় ওর কৃতিত্ব এতটুকু খাটো হয়নি। ও গ্রেট একজন খেলোয়াড়। রাশিয়াতেও ও দুর্দান্ত খেলবে নিশ্চিত।’ বিশ্বকাপ না জিতলেও মেসিকে কিংবদন্তির তালিকায় রাখতে চান পেলে, ‘ব্রাজিলে ও নিজের সেরাটা দিতে পারেনি। তবে তার মানে এই নয় যে, ও বাজে খেলোয়াড়। ব্রাজিল-আর্জেন্টিনার অনেক গ্রেট খেলোয়াড়েরই বিশ্বকাপ জেতার সুযোগ এসেছিল কিন্তু তারা জিততে পারেনি। এমনটা যদি মেসির সঙ্গেও ঘটে, তাতেও ও যে গ্রেট একজন খেলোয়াড়, সেটি বদলাবে না। ওর অর্জন আপনি ওর কাছ থেকে কেড়ে নিতে পারবেন না।’
বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়েও হতাশাজনক পারফরম্যান্স ছিল তাঁর নিজের দেশ ব্রাজিলের। সেটা ভুলে নতুন একটা শুরুর জন্য দ্বিতীয় দফায় কোচ করা হয়েছে দুঙ্গাকে। কিন্তু কলম্বিয়া ও ইকুয়েডরের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ দেখার পর ব্রাজিল সংবাদমাধ্যমে সমালোচনা হচ্ছে—দিন দিন নেইমারনির্ভর দল হয়ে যাচ্ছে ব্রাজিল। এ রকম হলে সেটা দলের জন্য ভালো হবে না বলেই মনে করেন পেলে। ব্রাজিলকে তাই নেইমার-নির্ভরশীলতা কমানোর পরামর্শ দিয়েছেন ফুটবলসম্রাট, ‘নেইমার তো একা বিশ্বকাপ জেতাতে পারবে না। নেইমার খুব ভালো খেলোয়াড় তাতে কোনো সন্দেহ নেই। ও তো আমাদের সান্তোসেই খেলে বড় হয়েছে। কিন্তু ওর পক্ষে একা বিশ্বকাপ জেতানো সম্ভব নয়। আমাদের এ রকম আরও কয়েকজন লাগবে।’
সে রকম একটা দল পুনর্গঠন করা দুঙ্গার জন্য খুব কঠিন হবে না বলেও মনে করেন পেলে। এপি, গোলডটকম।