এখনো ৯০ মিনিট বাকি আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনে রাখার মতো এক দিন গেল জিদানের। ছবি: রয়টার্স
মনে রাখার মতো এক দিন গেল জিদানের। ছবি: রয়টার্স
>
  • জয়ের আনন্দের মাঝেই দ্বিতীয় লেগের কথা মনে করিয়ে দিচ্ছেন জিদান।
  • ঘরের মাঠে পিএসজি কতটা ভয়ংকর, সেটা জানেন রোনালদোও।
  • নেইমার-আলভেজরাও দ্বিতীয় লেগের অপেক্ষায় আছেন।

ভালোবাসা দিবসের দিনই চাকরি হারাতে বসেছিলেন জিনেদিন জিদান। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে পিএসজির বিপক্ষে ঘরের মাঠে হারলেই নাকি এই কিংবদন্তিকে আর দেখা যেত না রিয়াল মাদ্রিদের ডাগ আউটে। অগ্নিপরীক্ষার প্রথম ধাপ পার করেছেন জিদান। পিএসজিকে নিজেদের মাঠে ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল। তবে এখনো সন্তুষ্ট নন জিদান। এখনো যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি!

দল নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর চাকরি নিয়ে প্রশ্ন উঠেছে। লিগ ও কাপে শিরোপা স্বপ্ন জলাঞ্জলি দিয়েছে রিয়াল। এমন জয় তাই জিদানের কাছে গুরুত্ব পাচ্ছে, ‘আমরা খুশি, কারণ আমরা দারুণ এক ম্যাচ খেলেছি। আমাদের সমর্থকেরা সব সময় দলকে সাহস দিয়েছে। কিন্তু এটাই শেষ নয়। এখনো নব্বইয়ের বেশি কিছু মিনিট বাকি আছে। আজ আমরা খুশি, কিন্তু তিন সপ্তাহের মাঝে আরেকটা ম্যাচ খেলব। আমরা জানি, তখন কতটা কষ্ট করতে হবে।’
রিয়ালের গতকালের স্কোয়াড নিয়েও প্রশ্ন উঠেছিল। বিশেষ করে ফর্মে থাকা গ্যারেথ বেলকে বসিয়ে ইস্কোকে খেলানোয় সবাই অবাক হয়েছেন। কিন্তু জিদানের পরিকল্পনার বড় এক অংশ ছিলেন এই মিডফিল্ডার। জিদান নিজেই ব্যাখ্যা করেছেন তা, ‘আমরা ওদের তিনের বিপক্ষে চারজন মিডফিল্ডার নামিয়েছি। ইস্কো দারুণ খেলেছে। সে বল দখল রাখতে সাহায্য করেছে। ওটাই ছিল আমাদের পরিকল্পনা।’
কাল প্রথমার্ধে ৫৫ ভাগ বল দখলে ছিল রিয়ালের। আর ইস্কো ছিলেন নির্ভুল। ৪৫ মিনিটে ৩৮ বার পাস দেওয়ার চেষ্টা করে প্রতিবার সফল হয়েছেন এই মিডফিল্ডার। আবার যখন জিদানের দরকার হয়েছে, ঠিক তখনই তাঁকে তুলে ভাসকেজকে নামানো হয়েছিল। লুকাস ভাসকেজ ও মার্কো এসেনসিও নেমেই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন।
তবে এতে রোনালদোর সাহায্য দরকার হয়েছে জিদানের। দুই গোল করেছেন রিয়াল ফরোয়ার্ড। তবে গোলতৃষ্ণা এখনো কমেনি। প্যারিসেও করতে চান গোল, ‘যখন গোল করবেন এবং দল জিতবে, তখন সেটা সব সময়ই বিশেষ কিছু। তবে এখনো এটা শেষ হয়নি। আমাদের প্যারিসে গিয়ে জিততে হবে, গোল করতে হবে। মাথা ঠান্ডা রেখে পরের রাউন্ডে যেতে হবে।’
দ্বিতীয় লেগ আছে বলেই এখনো আশা দেখছেন নেইমার। গত বার প্যারিসেই ৪-০ গোলে হেরেছিল বার্সেলোনা। পরের লেগে ৬-১ জয়ের ম্যাচের নায়ক এবারও তেমন কিছুর স্বপ্ন দেখছেন, ‘এখনো কিছুই ঠিক হয়নি, দ্বিতীয় লেগ বাকি আছে।’ তাঁর সতীর্থ দানি আলভেজও আশাবাদী, ‘রিয়াল মাদ্রিদ যদি পরের পর্বে যেতে চায়, প্যারিসে ওদের খুব ভালো করতে হবে।’
চ্যালেঞ্জটা কি নিতে পারবেন জিদান-রোনালদোরা?