এখানেও দূরে ইউনাইটেড

ওয়েস্ট হামের জন্য এটা ছিল ভীষণ আবেগের এক ম্যাচ। ১১২ বছরের স্মৃতিজড়ানো আপটন পার্কের বোলিন মাঠে শেষ ম্যাচ! ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এই ম্যাচটাই আবার কঠিন হিসাব-নিকাশের। জিতলে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা বেঁচে থাকবে, হেরে গেলে সেই আশা হয়ে যাবে ফিকে। হলোও তা-ই। ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ে আপটন পার্ককে বিদায় জানাল ওয়েস্ট হাম, হার চ্যাম্পিয়নস লিগ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে লুই ফন গালের দলকে।
পরশুর এই হারের পর প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচ শেষে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ইউনাইটেড। চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৫। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে লিগের শেষ ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে অবশ্যই জিততে হবে ইউনাইটেডকে। সঙ্গে প্রার্থনা করতে হবে যেন ম্যানচেস্টার সিটি হারে সোয়ানসি সিটির কাছে। শেষ ম্যাচে ড্র করলেও সিটি পাবে চ্যাম্পিয়নস লিগের টিকিট, আগামী মৌসুমে নতুন কোচ পেপ গার্দিওলাই তাহলে থাকবেন চ্যাম্পিয়নস লিগে সিটির ডাগ-আউটে।
পরশু ইউনাইটেড হারায় সবচেয়ে লাভ হয়েছে অবশ্য আর্সেনালের। ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা আর্সেন ওয়েঙ্গারের দলের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হয়ে গেছে। প্রিমিয়ার লিগ থেকে প্রথম তিনটি দল সরাসরি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলবে, চতুর্থ দলটিকে প্লে-অফ খেলে আসতে হবে। শেষ ম্যাচের ফল যা-ই হোক, আর্সেনালের এখন আর চারের বাইরে যাওয়ার সুযোগ নেই। এমনকি সুযোগ আগে দ্বিতীয় হয়ে লিগ শেষ করারও।
পরশু আপটন পার্কে যাওয়ার পথেই ইউনাইটেড দলের বাস স্বাগতিক সমর্থকদের রোষানলে পড়ে। ভাঙচুর করা হয় বাসের জানালার কাচ। পরে পুলিশি নিরাপত্তায় মাঠে পৌঁছায় ফন গালের দল, যে কারণে খেলা শুরু হতেই দেরি হয় ৪৫ মিনিট। ঘটনাটি ইউনাইটেডের হারে কোনো ভূমিকা রেখেছে কি না, ম্যাচ শেষে এ প্রশ্ন করা হয়েছিল ইউনাইটেড কোচকে। ফন গাল এটিকে সরাসরি অজুহাত হিসেবে দাঁড় না করালেও ঘটনাটি নিয়ে ক্ষোভ চেপে রাখেননি, ‘আমি আর কী বলব! ছবি আর ভিডিওই তো সব বলছে। আমাদের যেভাবে এখানে অভ্যর্থনা জানানো হলো, সেটা ঠিক ছিল না। আমার না হয় এসবের অভিজ্ঞতা আছে, দলের অনেক খেলোয়াড় তো তরুণ। তাদের মধ্যে এটার প্রভাব পড়তেও পারে।’
ওয়েস্ট হামের পক্ষ থেকে অবশ্য পরে এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনার জন্য দায়ী সমর্থকদের আজীবন নিষিদ্ধ করা হবে। এএফপি।