এখানেও প্রথম রিয়াল
৩০ বারেরও বেশি লা লিগাজয়ী স্পেনের একমাত্র দল রিয়াল মাদ্রিদ। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ শিরোপার সংখ্যাকেও দুই অঙ্কের ঘরে নিয়ে যাওয়া প্রথম ও একমাত্র দল তারা। আরও একটা জায়গায় প্রথম হয়ে গেল বার্নাব্যুর দলটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১০ কোটিরও বেশি লাইক পাওয়া প্রথম পেজটি রিয়াল মাদ্রিদেরই।
গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত রিয়ালের ফেসবুক পেজে লাইক ছিল ১০ কোটি ১১ লাখ ২ হাজার ৭৮৮টি। গত রোববারই দলটির ফেসবুক পেজে লাইকের সংখ্যা ১০ কোটির মাইলফলক ছুঁয়েছে। এখানে প্রথম হলেও ফেসবুকে ১০ কোটিরও বেশি লাইক পাওয়া একমাত্র দল রিয়াল নয়। তাদের এক দিন পরেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনারও ফেসবুক পেজে লাইকের সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যায়। গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বার্সার ফেসবুকে লাইকের সংখ্যা ছিল ১০ কোটি ৫৪ হাজার ৭২টি।
শুধু ফেসবুকেই নয়, সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমেও রিয়াল মাদ্রিদ দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা ক্রীড়া ব্র্যান্ড। শুধু ২০১৬ সালেই ক্লাবের পোস্ট করা ভিডিও দেখা হয়েছে রেকর্ড ১৬০ কোটি বারেরও বেশি! তথ্যসূত্র: রিয়াল মাদ্রিদ।