দুবার করে শিরোপা জিতে ক্লাব বিশ্বকাপের সবচেয়ে সফল দল বার্সেলোনা ও করিন্থিয়ানস। অবশ্য আজ জাপানে শিরোপা জিতলে করিন্থিয়ানসকে ছাড়িয়ে কৃতিত্বটা শুধুই বার্সেলোনার একার হবে। কিন্তু দেশ হিসেবে ক্লাব বিশ্বকাপে সবচেয়ে সফল কোনটি? এই জায়গায় ইউরোপের যেকোনো দেশের চেয়ে এগিয়ে ব্রাজিল। করিন্থিয়ানসের দুই শিরোপাসহ ইন্টারন্যাসিওনাল ও সাও পাওলোর একটি করে শিরোপা ধরে এখন পর্যন্ত ব্রাজিলে ক্লাব বিশ্বকাপ গেছে চারবার। বার্সেলোনার দুই আর রিয়াল মাদ্রিদের একটি ট্রফি মিলে স্পেন জিতেছে তিনবার। ইতালির দুই মিলান শিরোপা জিতেছে একবার করে। ম্যানচেস্টার ইউনাইটেডের হাত ধরে একবার শিরোপা পেয়েছে ইংল্যান্ড, জার্মানিতে একবার শিরোপা নিয়ে গেছে বায়ার্ন মিউনিখ। এখন পর্যন্ত এই পাঁচটি দেশের বাইরে আর কোথাও যায়নি ক্লাব বিশ্বকাপের ট্রফি। তবে সবচেয়ে বেশি (তিনবার) রানার্সআপের ট্রফি গেছে আর্জেন্টিনায়।