এগিয়ে গেল বার্সেলোনা
আগের দিন রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে যাওয়ায় সুযোগটা এসেছিল। কাল রায়ো ভায়েকানোকে ৬-১ গোলে বিধ্বস্ত করে সেটি দুহাত ভরেই নিয়েছে বার্সেলোনা, রিয়ালকে টপকে গেছে শিরোপাদৌড়ে। ২৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৬১, রিয়াল ১ পয়েন্ট পেছনে পড়ে গেছে।
লিওনেল মেসির জন্য কালকের দিনটা ছিল আরও অনেকগুলো মাইলফলক পেরিয়ে যাওয়ার। হ্যাটট্রিক করাটা বার্সেলোনা ফরোয়ার্ডের জন্য সহজ কাজ, তবে কালকেরটির মাহাত্ম্য ছিল আলাদা। লা লিগায় রেকর্ড ২৪টি হ্যাটট্রিক হয়ে গেল মেসির, স্প্যানিশ ফুটবলে তেলমো জারাকে (৩১) পেরিয়ে সবচেয়ে বেশি হ্যাটট্রিকও এখন আর্জেন্টাইন তারকার। লা লিগার সর্বোচ্চ গোলের প্রতিযোগিতায় ক্রিস্টিয়ানো রোনালদোকেও ছুঁয়ে ফেলেছেন, দুজনেরই গোল এখন ৩০টি করে। কাল বার্সার গোল-বন্যার শুরু করেন লুইস সুয়ারেজ, দ্বিতীয় গোলটি জেরার্ড পিকের। এরপর মেসির হ্যাটট্রিকের পর ভায়েকানোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন সুয়ারেজ। এএফপি।