এগিয়ে থেকেও পারল না বাংলাদেশ

ফুটবলের প্রতি মানুষের ‘অবাক ভালোবাসা’ দেখা গিয়েছিল ২৯ আগস্ট সিলেটেই। বাংলাদেশ-নেপাল অনূর্ধ্ব–২৩ ম্যাচে সেদিন সিলেট জেলা স্টেডিয়াম পরিণত হয়েছিল ‘জনসমুদ্রে’! আজ যশোরের শামসুল হুদা স্টেডিয়ামেও প্রায় একই দৃশ্য। গ্যালারি কানায় কানায় পূর্ণ।
স্থান সংকুলান না হওয়ায় টাচলাইনের কাছে বসে-দাঁড়িয়ে খেলা দেখলেন বহু দর্শক। মিঠুনকে তো একবার কর্নার কিক নিতে হলো দর্শকের জুতা সরিয়ে! তবে দর্শকের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পারলেন না বাংলাদেশের খেলোয়াড়েরা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচে এগিয়ে থেকেও শেষমেশ ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মামুনুল ইসলামদের।
ঘরের মাঠ তো বটেই, পরিসংখ্যানও বাংলাদেশকেই এগিয়ে রেখেছিল এ ম্যাচে। এর আগে দুই দলের ১১ সাক্ষাতে বাংলাদেশ জিতেছে সাতবার। একটিতে ড্র ও তিনটিতে হার। আজকের ম্যাচ ড্র হওয়ায় জয়-পরাজয়ের হিসাবে কোনো পরিবর্তন এল না।

বারবার ভুল পাস আর ফিনিশিংয়ের অভাবে আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। দুদলই খেলেছে অগোছালো ফুটবল। এর মধ্যেই ১৫ মিনিটে ইয়ামিন চৌধুরী মুন্নার দারুণ ক্রসে অসাধারণ এক হেডে বাংলাদেশকে এগিয়ে দেন এমিলি। ২৮ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান রোশান। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেননি জাহিদ হোসাইন-মিঠুন চৌধুরী। দ্বিতীয়ার্ধে একই ভুল করলেন ওয়েহেদ-তখলিছও।
ফুটবলে সুযোগ কাজে লাগানোই আসল কথা—বাংলাদেশ দলের খেলোয়াড়েরা এ আপ্তবাক্যের বাস্তব প্রতিফলন ঘটাতে পারলেন সামান্যই। তবে এ ম্যাচে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে দর্শকের ভালোবাসা। যে ফুটবলের জন্য দর্শকের এত টান, এত ভালোবাসা—তাদের মন কি ভরাতে পারলেন মামুনুল-এমিলিরা?
২৭ অক্টোবর রাজশাহীতে দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।