এগিয়ে আছেন বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সতীর্থের চেয়ে খানিকটা এগিয়ে আছেন বেল, তবে আজকের ম্যাচেই সব বদলে যেতে পারে। ফাইল ছবি
সতীর্থের চেয়ে খানিকটা এগিয়ে আছেন বেল, তবে আজকের ম্যাচেই সব বদলে যেতে পারে। ফাইল ছবি

আজ ইউরোর সেমিফাইনালে মুখোমুখি পর্তুগাল-ওয়েলস। তবে ফুটবলের আড্ডায়, তর্ক-বিতর্কে ম্যাচটি আসলে হচ্ছে রোনালদো-বেলের মাঝে। অবশ্য তাতে দোষ দেওয়া যাচ্ছে না কাউকে, আসলেই এ ম্যাচ তো ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের। দুই মহাতারকার লড়াইয়ে আজ যে জিতবেন, স্তাদ দো ফ্রান্সের ফাইনালে দেখা যাবে তাঁর দলকে।
দুজনই খেলেন রিয়াল মাদ্রিদে। দুজনের মধ্যে বন্ধুত্বের মাখামাখি খুব একটা দেখা না গেলেও, সতীর্থ হিসেবে নিজের কাজটি দুজনেই করেন দারুণ। তবে আজ ক্লাব-সতীর্থের কথা ভুলে দেশের কথাই ভাবতে হবে দুজনকে। এটা বলার অবশ্য দরকার ছিল না। এবারের ইউরোতে দুজনই তো দেখিয়ে দিয়েছেন নিজ নিজ জাতীয় দলে কতটা গুরুত্বপূর্ণ তাঁরা। দুই দলই যে কঠিন সব প্রতিপক্ষকে টপকে সেমিফাইনালে উঠে এল তাতে দুজনই রেখেছেন বড় ভূমিকা। তবু প্রশ্ন থেকে যাচ্ছেই, ইউরোতে ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে আছেন কে?
এ ক্ষেত্রে নিজের বিখ্যাত সতীর্থকে টপকে গেছেন ওয়েলস ম্যান বেল। উয়েফার তথ্য অনুযায়ী, ৫ ম্যাচে ৩ গোল করেছেন বেল, সেখানে রোনালদো করেছেন ২ গোল। তবে গোল করানোতে এগিয়ে আছেন রোনালদো, সতীর্থদের দিয়ে ২টি গোল করিয়েছেন তিনি। এ ক্ষেত্রে বেল একটু পিছিয়ে, মাত্র ১ টি গোল করিয়েছেন তিনি।
তবে মাঠের খেলা, সতীর্থদের সঙ্গে বোঝাপড়া ও প্রতিপক্ষকে তটস্থ রাখায় এগিয়ে বেল। প্রতিপক্ষের গোলে এখনো পর্যন্ত ১৩টি শট নিয়েছেন বেল, অথচ মূল স্ট্রাইকার হিসেবে খেলেও রোনালদোর গোলে শট মাত্র ১০টি। ফ্রি কিক থেকে দুটি গোল করেছেন বেল, রোনালদো এখনো সেটি করতে পারেননি। বেল এখনো পর্যন্ত ৩৪টি সফল ড্রিবলিং করতে পেরেছেন , অথচ একসময় এই ড্রিবলিং দিয়ে আলোচনায় আসা রোনালদো মাত্র ৯ বার সফল হয়েছেন এ কাজে।
তবে রোনালদো গোলের সুযোগ সৃষ্টি করেছেন ৮ বার, বেল পেরেছেন ৪ বার। আর প্রতিপক্ষ রোনালদোকে খেলার সুযোগও দিচ্ছেন কম, মোট ১২ বার তাকে ফাউল করা হয়েছে। বেলকেও যে অন্যরা ছাড় দিয়েছেন তা নয়, মোট আটবার তাকে ফাউল করা হয়েছে। পাসিংয়ে অবশ্য বেলকে ছাড়িয়ে গেছেন রোনালদো। মোট ১৪২টি সঠিক পাস দিয়েছেন রোনালদো, বেল এ ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে ১১০টি সঠিক পাস দিয়ে।
তবে এসব কিছুই আর গোনায় ধরা হবে না আজকের ম্যাচের পর। সেমিফাইনালে দলকে জেতাতে পারলেই এসব পরিসংখ্যান চাপা পড়ে যাবে। কারণ, তখন যে কিংবদন্তি হওয়া থেকে আর মার এক ধাপ দূরে থাকবেন বেল কিংবা রোনালদো। সূত্র: উয়েফা ওয়েবসাইট