এগিয়ে আনা হয়েছে বঙ্গবন্ধু কাপ
বঙ্গবন্ধু কাপ নিয়ে গতবার লেজেগোবরে অবস্থা হয়েছিল বাফুফের। এবার স্পনসর হাতেই আছে, শুধু দল চূড়ান্ত আর সময়সূচি নির্ধারণ বাকি ছিল। দুটি কাজও প্রায় শেষ। পাঁচটি বিদেশি দল মোটামুটি চূড়ান্ত করে টুর্নামেন্টের সম্ভাব্য সময় ধরা হয়েছে ৬-২০ জানুয়ারির মধ্যে।
জানুয়ারির শেষ দিকে টুর্নামেন্টটা শুরুর চিন্তাভাবনা ছিল। কিন্তু ওই সময় সিঙ্গাপুরে একটা টুর্নামেন্ট হবে। স্বাগতিক সিঙ্গাপুরের সঙ্গে ওই টুর্নামেন্টে খেলবে মালয়েশিয়া ও মিয়ানমার। এই তিনটি দলই বঙ্গবন্ধু কাপে খেলার কথা। মূলত তাদের অনুরোধেই এবারের টুর্নামেন্টের সময়টা একটু এগিয়ে আনা। আসার কথা বাহরাইন ও শ্রীলঙ্কারও। অপেক্ষমাণ তালিকায় আছে আফগানিস্তান।
গত ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা ও সিলেটে হয়েছিল বঙ্গবন্ধু কাপ। এবারও দুটি ভেন্যুতে খেলা হবে। সিলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছে চট্টগ্রাম। তবে দলের সংখ্যা অপরিবর্তিতই—ছয়। যার মধ্যে নতুন দল মিয়ানমার। এবার মূল ট্রফি রেখে রেপ্লিকা দেওয়ারও চিন্তা আছে। সে ক্ষেত্রে অর্থ পুরস্কার দেওয়া হবে।
দুদিন আগে দিল্লিতে এএফসি অ্যাওয়ার্ড নাইটের ফাঁকে বঙ্গবন্ধু কাপ নিয়ে অনেকটা কাজ করেছে বাফুফে। কর্মকর্তারা জানিয়েছেন, ৬-২০ জানুয়ারি টুর্নামেন্টের সময়সূচি ধরে সব দেশকে এখন চিঠি দেওয়া হবে। তবে গতবারের মতো এবারও যেন ‘কচিকাঁচার আসর’ না হয়, সেদিকেও লক্ষ রাখা হচ্ছে। বাফুফে চায় সব দেশের জাতীয় দল। বাহরাইন গতবার তরুণ দল পাঠিয়েছিল, এবার ‘শক্তিশালী দল’ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। বাকি চারটি দেশও জাতীয় দল পাঠাবে বলে বাফুফের আশা।