‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন...’। লিভারপুলের গানের সঙ্গে মিলিয়ে গলা ছেড়ে বাংলায় একদল তরুণ গাইছিলেন, ‘একা ছেড়ে যেয়ো না, সাথে নিয়ে চলো রে...।’ কাল ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে খেলা দেখতে আসা মোহামেডানের এই সমর্থক দলের হাতে ছিল সাদা-কালো পতাকা। তবে সারাক্ষণ উৎসাহ জুগিয়েও শেষ পর্যন্ত হতাশা নিয়েই স্টেডিয়াম ছেড়েছেন ওই তরুণেরা। এগিয়ে গিয়েও কাল মোহামেডান ১-১ গোলে ড্র করেছে ফেনী সকারের সঙ্গে। এই ড্রয়ে ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নয়ে মোহামেডান। ১০ পয়েন্ট পাওয়া ফেনীর স্থান দশে।
প্রথম পর্বের শেষ দিকে এসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মোহামেডান। সর্বশেষ পাঁচ ম্যাচে দুই হার, দুই জয়ের পাশে এই ড্র। কাল ডিফেন্ডাররা ভুল না করলে হয়তো জিতেই যেতে পারত তারা। ইসমাইল বাঙ্গুরা, তৌহিদুল আলম সবুজ, মাসুক মিয়া জনি বেশ কয়েকটি সুযোগ পেয়েও নষ্ট করেছেন।
ম্যাচের ৫২ মিনিটে বক্সের ভেতরে দাঁড়ানো মাসুক মিয়া জনির আচমকা শটে গোল! ১-০ ব্যবধানে এগিয়ে যায় মোহামেডান। মোহামেডান রক্ষণের ভুলে ৫৬ মিনিটেই গোল শোধ করেন ফেনী সকারের উচে ফেলিক্স। এর মিনিট খানেক আগেই অবশ্য ফেলিক্সের ফ্রি-কিক ফিরেছে ক্রসবারে লেগে! কিন্তু ৮৭ মিনিটে মোহামেডান স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরার জোরালো শটটি ফেনীর গোলরক্ষক ওসমান গনি দারুণ দক্ষতায় ধরে ফেলেন। পরশু অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে টান লাগায় ফেনীর অন্যতম ভরসা আকবর হোসেন রিদন কাল মাঠে ছিলেন না। লাল কার্ডের খাঁড়ায় আরেক ফরোয়ার্ড চৌমরিন রাখাইনও খেলতে পারেননি। তবু ফেনী সকার টানা পাঁচ ম্যাচ হারের পর পয়েন্টের মুখ দেখেছে। ফেনীর সহকারী কোচ জহিরউদ্দিন কিসমত এতেই খুশি। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘ছেলেরা আজ যথেষ্ট ভালো খেলেছে। আশা করি, বাকি ম্যাচগুলোও এভাবে ঘুরে দাঁড়াতে পারব।’
আজকের খেলা: আবাহনী-বিজেএমসি (বিকেল ৩টা, ময়মনসিংহ স্টেডিয়াম)