এগিয়ে গিয়েও জিততে পারেনি মোহামেডান

প্রিমিয়ার লিগে চতুর্থ ম্যাচে এসেও জয়ের স্বাদ পায়নি মোহামেডান। ময়মনসিংহ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ বিজেএমসির বিপক্ষে সাদা–কালোরা ড্র করেছে ১-১ গোলে। প্রথমার্ধের শেষ দিকে মোহামেডানকে এগিয়ে নেন তৌহিদুল আলম সবুজ। বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টায় বদলি হিসেবে মাঠে নামেন বিজেএমসির আবদুল্লাহ পারভেজ। মাঠে নেমেই তাঁর কর্নারে মোখলেসের হেডে ১-১। ৭২ মিনিটে ওই গোলের পর দুই দলই জয়সূচক গোলের জন্য ঝাঁপিয়েছে। তবে গোলের দেখা পায়নি আর কোনো দলই।
প্রথম দিন ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকে ঠাসা। দ্বিতীয় দিনে দর্শক উপস্থিতি কম থাকলেও আজ তৃতীয় দিনে আবার চোখে পড়ার মতোই ছিল। উপভোগ্য একটা ম্যাচই তাঁরা দেখলেন। তবে জয় না পাওয়ায় একটু হতাশই মোহামেডান। ৪ ম্যাচে তিন ড্রয়ে মোহামেডানের পয়েন্ট তিন। সমান ম্যাচে বিজেএমসিরও সমান পয়েন্ট।