
গোল করেই দক্ষিণ গ্যালারির দিকে ছুটলেন ইউসুফ সিফাত। লাল-সবুজ জার্সিটা মাথার ওপর ওড়াতে লাগলেন। ভারতীয় রেফারি প্রাঞ্জল ব্যানার্জি ততক্ষণে কার্ডের জন্য পকেটে হাত ঢুকিয়ে দিয়েছেন। উদ্যাপন শেষে ঠিকই হলুদ কার্ড দেখলেন সিফাত! ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল পাওয়ার আনন্দে কার্ড দেখার ঘটনা কেই-বা মনে রাখে? ঠিক চার মিনিট পর সব আনন্দ কর্পূরের মতো উধাও। যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে এগিয়ে গিয়েও কাল বাংলাদেশ অলিম্পিক দল ১-১ গোলে ড্র করেছে বাহরাইন ফুটবল দলের সঙ্গে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে জাতীয় দল। তাতেই দ্বিতীয় দলটিকে ঘিরে প্রত্যাশার বেলুনটা ফুলেফেঁপে ওঠে। কিন্তু বড়দের পথে হাঁটতে পারলেন না রুবেল-সিফাতরা।
পুরো ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়দের পায়েই বল ঘুরেছে বেশির ভাগ সময়। কিন্তু ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত জয়টা আর পাওয়া হয়নি। রুবেল, সজীব, জনি মিলে গোটা তিনেক সহজ সুযোগ নষ্ট করেছেন। সজীব ও রুবেলের মধ্যে একাকী খেলার প্রবণতা ছিল। আবার বাহরাইনি ফুটবলারদের সঙ্গে শারীরিক শক্তিতে পিছিয়ে থাকা স্বাগতিক দলের ফুটবলাররা গুরুত্বপূর্ণ সময়ে হেরে গেছেন বল দখলের লড়াইয়ে।
‘দ্বাদশ খেলোয়াড়’ হিসেবে দর্শকেরা ভালোই উৎসাহ জুগিয়েছেন। তবে টুর্নামেন্টে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটিতে যতটা জোয়ার এনেছিল, কালকের ম্যাচে সেই তুলনায় দর্শক ছিল কম। যদিও খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে স্টেডিয়ামের সব ফটক খুলে দেওয়া হয়। গ্যালারিতে প্রাণ ফেরে। বাংলাদেশের ফুটবলারদের পায়ে বল যেতেই উঠেছে চিৎকার।
ম্যাচের ১৯ মিনিটে ইউসুফ সিফাতের গোলে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে রুবেলের পাস, সিফাত দ্বিতীয় প্রচেষ্টায় বল ঢোকান জালে। জায়গা ছেড়ে বেরিয়ে এসেছিলেন বাহরাইনের গোলরক্ষক মাহবুব আল দোসেরি। তাঁকে ফাঁকি দিলেও সিফাতের টোকায় বলটা চলে যাচ্ছিল বাইরে। শেষ পর্যন্ত দ্রুত দৌড়ে ডান পায়ের জোরালো শটে জালে ঢুকিয়েছেন বল। গোল দিয়ে উচ্ছ্বাসে জার্সি খুলে গ্যালারির দিকে ছুটে যান শেখ রাসেলের ফরোয়ার্ড।
ম্যাচে এগিয়ে গিয়েও সেই অগ্রগামিতা বেশিক্ষণ বল ধরে রাখতে না পারার অভ্যাসটা বাংলাদেশের ফুটবলারদের পুরোনো এক রোগ। তা থেকে বেরিয়ে আসতে পারেনি এই দলটিও। গোল দেওয়ার চার মিনিটের মাথায় ডিফেন্ডার রেজা ও কেষ্টর ভুল-বোঝাবুঝিতে শোধ হয়ে যায় তা। বাহরাইনি মিডফিল্ডার মোহাম্মদ আলনারের বাড়ানো বল রেজার পায়ে লেগে চলে যায় ফরোয়ার্ড জসিম আলশাইখের কাছে। আলতো টোকায় জালে ঢোকাতে মোটেও ভুল করেননি জসিম (১-১)।
দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের একটু গুছিয়ে নেয় বাংলাদেশ অলিম্পিক দল। গোল পেতে মরিয়াই ছিল তারা। তবে একাধিকবার আক্রমণে উঠেও গোল পায়নি। ৯০ মিনিটে নাহিদুলকে বাজে ট্যাকল করে লাল কার্ড দেখেছেন বাহরাইন ফরোয়ার্ড আনোয়ার। ইশ, যোগ করা ৪ মিনিট সময়েও যদি ১০ জনের দলকে একটা গোল দিতে পারত অলিম্পিক দল!
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৩ জানুয়ারি বাংলাদেশ অলিম্পিক দল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মালদ্বীপের সঙ্গে।
বাংলাদেশ অলিম্পিক দল: জিয়াউর, কেষ্ট, রেজাউল, শাকিল (নাহিদুল), সিফাত, ওমর ফারুক, ফাহাদ, জনি, রুবেল, সজীব (তকলিচ), সিফাত।