এগিয়ে গেছে কিরগিজরাও, বাংলাদেশ এগোবে কবে?

ব্যবধানটা আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল কিরগিজস্তান। সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ, মধ্য এশিয়ার এই দেশটি আজ মামুনুল-এমিলিদের বুঝিয়ে দিয়ে গেল ফুটবল খেলাটা আসলে কীভাবে খেলতে হয়। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের সূচনাতেই বাংলাদেশ অনুধাবন করল কী কঠিন পরীক্ষা অপেক্ষা করে আছে সামনের দিনগুলোতে!
দুই দলের ব্যবধানটা বোঝা যাবে স্কোরলাইনেই। কিরগিজদের পক্ষে ৩-১ ব্যবধানটা ঠিক খেলার পরিস্থিতি বোঝানোর জন্য যথেষ্ট নয়। পুরো খেলাটাই হালকা মেজাজে খেলে ম্যাচটা বের করে নিল কিরগিজস্তান। নিজেরা তিনটা গোল তো করলই, বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটিতেও ‘অবদান’ তাদের। সেটি যে আত্মঘাতী!
পুরো খেলায় নিষ্প্রভ বাংলাদেশের তারকারা। একমাত্র অধিনায়ক মামুনুলই যা একটু খেললেন। জামাল ভূঁইয়ার কাছে ইদানীং অনেক প্রত্যাশা থাকে দর্শকদের। আজ কিরগিজদের বিপক্ষে ব্যর্থ তিনিও। রক্ষণভাগে ইয়াসিন, নাসির, ইয়ামিন মুন্নাদের মনে হল স্কুল-বালক। হেমন্ত ভিনসেন্ট খেলেছেন এলোমেলো। এদিক-ওদিক দৌড়ে সময় কাটালেন এনামুল। আর দেশের ‘সেরা’ স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি? কর্দমাক্ত মাঠে খেলা হলেও তাঁর জার্সিতে একটুও কাদা লাগেনি।
খেলা শুরুর দশ মিনিটের মধ্যেই আসলে এই ম্যাচটা হেরে গেছে বাংলাদেশ। আট মিনিটের মাথায় বক্সের বাইরে হেমন্তের একটি ফাউল থেকে ফ্রি-কিক পায় কিরগিজরা। খুবই বিপজ্জনক জায়গা। সেট পিসে বাংলাদেশের চিরন্তন দুর্বলতা ফুটে উঠল আরও একবার। জেমলিআনউইন অ্যান্টনের দুর্দান্ত ফ্রি-কিক গোলরক্ষক রাসেল মাহমুদকে বোকা বানাল। ১৩ মিনিটে আরও এক গোলে পিছিয়ে যেতে পারত বাংলাদেশ। লুক্সন ভিটালিজের হেডটি বাংলাদেশের জাল খুঁজে পেল না একটুর জন্য।
১৯ মিনিটে কিরগিজদের গোলমুখে প্রথম শটটি নেয় বাংলাদেশ। কিন্তু হেমন্তের শট কিরগিজ ডিফেন্ডার প্রতিহত করেন অসম্ভব মুনশিয়ানার সঙ্গে। ২৭ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি হজম করে বাংলাদেশ। বক্সের মধ্যে মায়ের ভিক্টরকে ইয়ামিন মুন্না ফাউল করলে পেনাল্টি পায় কিরগিজস্তান। পেনাল্টিটি কার্যকর করেন বার্ন-হার্ডট এডগার।
২-০ গোলে পিছিয়ে পড়ার পর একটু যেন গা ঝাড়া দিয়ে ওঠে বাংলাদেশ। ৩০ মিনিটে ইয়ামিন মুন্নার ক্রস থেকে মাথা লাগাতে ব্যর্থ হন এমিলি। ৩১ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান কিছুটা কমিয়ে আনে বাংলাদেশ। মামুনুলের কর্নার কেচিন ভ্যালিরি হেড করে বাঁচানোর মুহূর্তে তা নিজেদের গোলে প্রবেশ করে। ৪১ মিনিটে কেচির ভ্যালিরিই পাপ মোচন করেন বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে।
৩-১ গোলে পিছিয়ে পড়ার পরে অনেক বড় দলেরই আর কিছু করার থাকে না। বাংলাদেশও ভিন্ন কিছু করতে পারেনি। নাহ! বলা উচিত ফেরার সুযোগটাই পায়নি বাংলাদেশ। কিরগিজদের শারীরিক গড়ন, ব্যক্তিগত স্কিল আর প্রয়োগ ক্ষমতার যে স্ফুরণ আজ দেখা গেছে, সে তুলনায় বাংলাদেশের খেলায় পরিকল্পনা বলতে কিছুই দেখা যায়নি। বেশ কয়েকজন খেলোয়াড় নিষ্প্রভ থাকায় কাজটা হয়ে গেছে আরও কঠিন। দ্বিতীয়ার্ধে অবশ্য মামুনুলের দুটি প্রচেষ্টা অল্পের জন্য ব্যর্থ হয়। এর মধ্যে একটি ছিল ফ্রি কিক। এনামুলের একটি শটও কিরগিজ পোস্টেও কিছুটা বাইরে দিয়ে চলে যায়।
সব মিলিয়ে কিরগিজদেও বিপক্ষে আজ রীতিমতো হতাশ করেছে বাংলাদেশ। কিছুদিন আগে সিঙ্গাপুর ও আফগানিস্তানের বিপক্ষেও যে বাংলাদেশকে দেখা গেছে, আজকের বাংলাদেশ ছিল তার ধারে-কাছেও যেতে পারেনি। ম্যাচের একেবারে শেষ দিকে কোচ লোডভিক ডি ক্রুইফ হতাশায় একটু বাড়াবাড়িই করে বসেছিলেন। এ কারণে ডাগ আউট থেকে ‘আউট’ হয়ে যেতে বাধ্য হন রেফারির নির্দেশে। বাংলাদেশের খেলা দেখে ক্রুইফ হতাশ হতেই পারেন, কিন্তু হতাশারা মাত্রাটা অনেক বেশি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের।
র্যাঙ্কিংয়ে ১৭৭ নম্বরে কিরগিজরা, বাংলাদেশ ১৬৬। হলে কী হবে, র্যাঙ্কিংকে ভুল প্রমাণ করে বাংলাদেশের বৃষ্টিভেজা কাদামাঠে সাবলীল খেলে কিরগিজরা প্রমাণ করল, অঙ্কের হিসাবটা বড্ড ভুল। তারাও এগিয়ে গেছে অনেক।