এগিয়ে যাওয়ারও লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেপ গার্দিওলা আর হোসে মরিনহোর দ্বৈরথে চাপা পড়ে যাচ্ছে, তবে আজ ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ডার্বি এমনিতেই বসে আছে রোমাঞ্চের পসরা সাজিয়ে। আজ যে দল জিতবে, লিগ জয়ের পথে যে তারা বড় একটা লাফ দেবে।

এ মুহূর্তে দুই দলই একই সমতলে। গার্দিওলা-মরিনহো দুজনই লিগে নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছেন। কমিউনিটি শিল্ড হিসাব করলে মরিনহোর সংখ্যাটা ৪, ইউনাইটেডের ইতিহাসে আর কোনো কোচের প্রথম চার ম্যাচ জয়ের কীর্তি নেই। আন্তোনিও কন্তের চেলসি অবশ্য ড্রটাই চাইছে। ইউনাইটেড-সিটির মতো চেলসিও যে প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে!

তবে ‘যুদ্ধের’ আগে নিজেদের সবচেয়ে বড় যোদ্ধাকেই হারিয়ে ফেলেছে সিটি। ওয়েস্ট হামের রিডকে কনুই দিয়ে গুঁতো মেরে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সার্জিও আগুয়েরো, আজকের ম্যাচে আর্জেন্টাইন স্ট্রাইকারকে তাই বসে থাকতে হবে মাঠের বাইরে। নলিতো, জন স্টোনস, ক্লদিও ব্রাভোদের মতো অনেকের আজই প্রথম ডার্বির অভিজ্ঞতা হতে পারে। ইউনাইটেডে যেমনটি হতে পারে ইব্রাহিমোভিচ ও পল পগবার। পগবা এর আগে ইউনাইটেডে খেলেছেন, তবে ডার্বির অভিজ্ঞতা হয়নি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের।

আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু ম্যানচেস্টার ডার্বিতে গার্দিওলার জন্য সুসংবাদও আছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি, ডিফেন্ডার বাকারি সানিয়া, উইঙ্গার লেরয় সানে ও মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান। চোট কাটিয়ে আজ মাঠে নামার কথা ইউনাইটেডের ডিফেন্ডার লুক শ ও মিডফিল্ডার মারুয়ান ফেলাইনির। এএফপি।