এগিয়ে রাখতে হচ্ছে যুক্তরাষ্ট্রকেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লড়ো কিংবা মরো’ আগামীকাল ইয়ুর্গেন ক্লিন্সমানের মূলমন্ত্র থাকবে এটাই। অবশ্য গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ থেকেই তো এই মন্ত্র নিয়ে চলছে যুক্তরাষ্ট্র। কলম্বিয়ার কাছে হেরে কোপা আমেরিকা অভিযান শুরু যে যুক্তরাষ্ট্রের, সেই তারাই কোয়ার্টার ফাইনালে উঠেছে গ্রুপসেরা হয়ে। সেমিফাইনালের পথে আগামীকাল সিয়াটলে স্বাগতিকদের বাধা ইকুয়েডর, প্রতিপক্ষ অবশ্য ইতিহাসও।
১৯৯৮ সালে কনক্যাকাফ গোল্ড কাপে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। যেকোনো প্রতিযোগিতায় নকআউট পর্বে কোনো লাতিন দলের বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়ের একমাত্র ঘটনা এটি। ইকুয়েডরের সঙ্গেও কোপায় দেখা হয়েছে মাত্র একবার। ১৯৯৩ সালে সে ম্যাচে জয়ী হয়েছিল ইকুয়েডর। নতুন করে ইতিহাস লেখার সুযোগ তাদের সামনে।
তবে ইতিহাসের কথা বললে যুক্তরাষ্ট্র আপত্তি করতে পারে। এর আগে তিনবার কোপায় খেলে একবার সেমিফাইনাল খেলেছে তারা। আর ১৯৩৯ সাল থেকে প্রায় প্রতিটি কোপায় অংশ নিয়ে ইকুয়েডরেরও ওই সৌভাগ্য হয়েছে মাত্র একবার। ১৯৯৭ সালের পর এই প্রথম গ্রুপ পর্ব পেরোল দলটি।
ম্যাচের আগে কাগজে-কলমে এগিয়ে আছে ইকুয়েডর। বিশ্ব র্যা ঙ্কিংয়ে ১৩ নম্বর দলটি মুখোমুখি ১৩টি লড়াইয়ে ৩১ নম্বরে থাকা যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ৫ ম্যাচে। হেরেছে ৩ বার। বাকি ৫টি ম্যাচ হয়েছে ড্র। সম্প্রতি আবার এগিয়ে গেছে যুক্তরাষ্ট্র। ২০০০ সালের পর দুই দলের ৬ ম্যাচের ৩টিতেই জয়ী যুক্তরাষ্ট্র, হেরেছে মাত্র ১টিতে, বাকি দুই ম্যাচে সমতা।
ম্যাচের আগে খানিকটা অস্বস্তি আছে যুক্তরাষ্ট্র শিবিরে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাল কার্ড দেখায় আজ থাকবেন না রক্ষণভাগের অন্যতম অস্ত্র দিয়ান্দ্রে ইয়েদলিন। অনিচ্ছা সত্ত্বেও তাই প্রথম একাদশ বদলাতে হবে ক্লিন্সমানকে। আন্তোনিও এবং এনার ভ্যালেন্সিয়া সমৃদ্ধ ইকুয়েডরের দ্রুতগতির আক্রমণের সামনে তাই বড় পরীক্ষাই দিতে হবে যুক্তরাষ্ট্রের রক্ষণকে। এএফপি।

কোয়ার্টার ফাইনাল সূচি
১৭ জুন যুক্তরাষ্ট্র-ইকুয়েডর সিয়াটল সকাল ৭-৩০ মি.
১৮ জুন কলম্বিয়া-পেরু ইস্ট রাদারফোর্ড সকাল ৬টা
১৯ জুন আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ফক্সবরো ভোর ৫টা
মেক্সিকো-চিলি সান্তা ক্লারা সকাল ৮টা