কোচ হিসেবে চার মৌসুমের মধ্যে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল পোর্টসমাউথকে প্রিমিয়ার লিগে উঠিয়ে এনেছেন, জিতিয়েছেন লিগ আর চ্যাম্পিয়নস লিগ শিরোপাও। এমন একজনকেই কিনা সুযোগ থাকা সত্ত্বেও কোচ করল না লিভারপুল! উল্টো ব্রেন্ডন রজার্সের জায়গায় দায়িত্ব দিল তুলনায় ‘ব্যর্থ’ ইয়ুর্গেন ক্লপের হাতে। গত সপ্তাহে ব্রেন্ডন রজার্স বরখাস্ত হওয়ার পর লিভারপুলের কোচ হতে আবেদন করেছিলেন পোর্টসমাউথের তথাকথিত এই কোচ অ্যাডাম নিল। কিন্তু লিভারপুল সমর্থক এই ভদ্রলোকের আবেদন নাকচ হয়ে গেছে। ‘অলরেড’দের প্রধান নির্বাহী ইয়ান আয়ার তো নিলকে চিঠি লিখে জানিয়েছেন, তাঁর অভিজ্ঞতা লিভারপুলে কোচ হওয়ার মতো যথেষ্ট নয়! হবে কীভাবে? নিলের পোর্টসমাউথ অভিজ্ঞতা যে কম্পিউটার গেম ‘ফিফা ১৫’-তে। তবে চাকরিটা না পেলেও, ‘প্রতিদ্বন্দ্বী’ ক্লপকে দায়িত্ব দেওয়ায় লিভারপুল-ভক্ত হিসেবে নিলের খুব একটা খারাপ লাগার কথা নয়। ইএসপিএন।