
দুই অধিনায়ককে একসঙ্গে পেয়ে কাঙ্ক্ষিত ছবিটা তুললেন ফটো সাংবাদিকেরা। অনুরোধে সাড়া দিয়ে পাঞ্জা লড়ার মতো করেও পোজ দিলেন দুজন। হাসি থামতেই চাইছিল না মামুনুল ইমলাম ও মাতসুবারা কেনের।
বাফুফে ভবনে সংবাদ সম্মেলনকক্ষ ততক্ষণে ভিড়ে গিজগিজ। জাপান অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ককে দেখে ভিড় থেকে শোনা গেল, দীর্ঘকায় হলে কী হবে এ তো বাচ্চা ছেলে। বাংলাদেশ অধিনায়ক মানুনুল ইসলাম কত অভিজ্ঞ! আন্তর্জাতিক ফুটবলের অলিগলি তাঁর চেনা।
অভিজ্ঞ আর নবীনের লড়াইটা আজ ভিন্ন এক তাৎপর্য নিয়েই হাজির বিকেল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু ম্যাচে। মামুনুলরা আন্তর্জাতিক ফুটবল খেলছেন অনেক দিন। অন্যদিকে জাপানের এই যুবদলটিকে তৈরি করা হচ্ছে ২০১৬ রিও অলিম্পিক সামনে রেখে। কোনো জাতীয় দলের সঙ্গে এটি তাদের প্রথম এবং সম্ভবত শেষ ম্যাচও। বাংলাদেশ জাতীয় দলের জন্যও ম্যাচটা অন্য রকম। এই প্রথম বাংলাদেশ খেলছে কোনো দেশের একটা যুবদলের সঙ্গে!
দুই দলের জন্যই তাই ভিন্ন স্বাদের এই ম্যাচের আমন্ত্রণ চারদিকে। জাপান নামটাই আকর্ষণ তৈরির জন্য যথেষ্ট। তার ওপর বাফুফে ভবনের আশপাশে অবিরাম মাইকিং। ভবন থেকে প্রচুর টিকিটও বিক্রি হয়েছে। ম্যাচ নিয়ে উৎসাহের পাশে একটা অজানা শঙ্কাও থাকছে। জাপান এশিয়ার শীর্ষ দল, বিশ্বকাপে খেলে সবই ঠিক আছে, বাংলাদেশ এশিয়ায় ৩৩ম। তার পরও এটি জাপানের যুবদল। তাই বাংলাদেশের জন্য মর্যাদার ব্যাপার থাকছেই। বাজেভাবে হারলে বাংলাদেশের সম্মানে তা আঘাত করবেই।
বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ সাইফুল বারীর মাথায় এটি আছে। কিন্তু কথাবার্তায় বেশ কৌশলী। কদিন আগে বলেছেন এই প্রীতি ম্যাচটি ড্র হলে অখুশি হবেন না। কাল সংবাদ সম্মেলনে জয়, ড্র বা হার কোনোটাই বলেননি। শুধু বলেছেন, ‘ম্যাচটা উপভোগ্য হবে আশা করি। আমাদের খুব ভালো খেলতে হবে। তারপর ফল যা হওয়ার হোক।’
ফল কী হতে পারে, তা নিয়ে বেশি গবেষণার প্রয়োজন নেই। সাইফুল রক্ষণাত্মক কৌশল নিচ্ছেন বলে খবর বেরিয়েছিল। বাংলাদেশ কোচ কাল সেটা ব্যাখাও করলেন, ‘ডিফেন্সিভ খেলা এক রকম, ভালো ডিফেন্ডিং করা অন্য রকম। আমি ডিফেন্ডিং ভালো করার কথা বলেছি। এটার ওপর জোর দিয়ে দ্রুত প্রতি-আক্রমণে যেতে চাই। তার অর্থ এই নয় আমরা রক্ষণাত্মক খেলব।’
জাপানের যুবদলটি আক্রমণাত্মক ফুটবলই খেলে। এই দলের সঙ্গেও টক্কর দেওয়া সহজ নয়। তাদের দুই ফরোয়ার্ড তো দুর্দান্ত। কোচ তিগুরামোরি মাকাতো সংবাদ সম্মেলনে হাসতে হাসতে বলছিলেন, ‘ওদের আমি বলেছিলাম গোলের আশপাশেই ঘুরঘুর করতে।’
জাপানের বৈশিষ্ট্য আক্রমণে উঠে আসে প্রায় গোটা দল। এই তরুণদের শরীরেও জাপানি রক্ত, জাপানের খেলার ধরনটা আজকের ম্যাচেও ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ মনে হলো কোচকে।
স্বাগতিকদের তাই অতিরিক্ত সতর্ক থাকতেই হচ্ছে। যত বেশি বলের দখল রাখা যায়, ততই ভালো বাংলাদেশের জন্য। তবে বাংলাদেশের কোচ স্বীকার করলেন, শ্রীলঙ্কা বা নেপালের সঙ্গে যত সহজে ডিফেন্ডিং করা গেছে, ততটাই কঠিন হবে জাপানের এই যুবদলের সঙ্গে। এরা অনেক বেশি ধারালো, তাই ডিফেন্ডিং করতে হবে অনেক নিচে নেমে। নিজেদের অর্ধেই বেশি থাকতে হতে পারে বাংলাদেশকে।
তবে অধিনায়ক মামুনুল ইসলাম দিলেন লড়াইয়ের প্রতিশ্রুতি, ‘আমরা চমক উপহার দিতে চেষ্টা করব।’ অন্যদিকে জাপানের অধিনায়কের কণ্ঠে দৃঢ়তা, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তবে আমরা জয় ছাড়া অন্যকিছুই ভাবছি না। নিজেদের সেরাটাই আমরা দেখাতে চাই।’
জাপান জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ আগে ৫ ম্যাচ খেলে হেরেছে সব কটিই। ১ গোল করে খেয়েছে ২২টি। তবে আজ প্রতিপক্ষ জাপানের যুবদল বলেই একটু লড়াইয়ের আশা করতে পারে বাংলাদেশ।