এডারএখন 'সুন্দররাজহাঁস'!

সোয়ানসি সিটির জার্সি গায়ে গোল করাই যখন ভুলে গিয়েছিলেন, ফ্রেঞ্চ ক্লাব লিলে মিলেছিল আশ্রয়। ইউরো-ভাগ্যে নইলে কি আর শিকে ছিঁড়ে! কী পরিহাস, ফ্রান্সের মাটিতে সেই ফ্রান্সেরই হন্তারক হয়ে গেলেন পর্তুগিজ স্ট্রাইকার এডার!
সোয়ানসি সিটির সমর্থকেরা অবিশ্বাসে চোখ কচলাতেই পারেন। এই কি সেই এডার? ছয় মাস আগেও গোল করাটাকে যিনি পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি বলে মনে করাতেন, সেই এডারের গোলেই কি না ইউরো জিতে গেল পর্তুগাল! ফাইনালের আগে টুর্নামেন্টে মাত্র ১৩ মিনিট খেলেছিলেন। সেই এডারই এখন পর্তুগালের ‘জাতীয় বীর’!
এডার নিজেও কি এমন ভেবেছিলেন? গত বছর স্পোর্টিং ব্রাহা থেকে ৫০ লাখ পাউন্ডে সোয়ানসিতে এসেছিলেন অনেক আশা নিয়ে। কিন্তু সোয়ানসির হয়ে ইংলিশ লিগে ১৩ ম্যাচে মাঠে নেমেও কোনো গোল করতে পারেননি। গোলে শটই নিতে পেরেছেন মাত্র চারটি। এর মধ্যে মাত্র একটা ছিল লক্ষ্য! একজন স্ট্রাইকারের জন্য রীতিমতো ‘লজ্জাজনক’ পরিসংখ্যান!
সোয়ানসি তাই এডারকে আর ধরে রাখতে চায়নি। এ বছরের শুরুতে পর্তুগিজ স্ট্রাইকার ধারে পাড়ি জমিয়েছেন ফ্রেঞ্চ ক্লাব লিলে। সেখানেই ভাগ্যের চাকা একটু একটু করে উল্টো দিকে ঘুরতে শুরু করে। ১৩ ম্যাচে ৬ গোল করেছেন লিলের হয়ে, মৌসুমের শেষ দিকে ক্লাবটি পাকাপাকি চুক্তিও করেছে ২৮ বছর বয়সী এই স্ট্রাইকারের সঙ্গে।
দুই বছর আগে আন্তর্জাতিক অভিষেক, তবে জাতীয় দলে কখনোই নিয়মিত ছিলেন না। পর্তুগালের বড় তিন ক্লাব পোর্তো, বেনফিকা, স্পোর্টিংয়ের একটিতেও খেলার সুযোগ মেলেনি। অখ্যাত দুই ক্লাবে খেলার পর নাম লিখিয়েছিলেন ব্রাহায়। সেখান থেকে সোয়ানসি হয়ে লিল। দূর দিগন্তে মিলিয়ে যেতে থাকা স্বপ্ন ওখানেই একটু একটু করে কাছে এসেছে।
তারপরও মূল একাদশে ব্রাত্যই ছিলেন। ফার্নান্দো সান্তোসের দলে নানি ও ক্রিস্টিয়ানো রোনালদোই ছিলেন আক্রমণের প্রথম পছন্দ। আইসল্যান্ড ও অস্ট্রিয়ার সঙ্গে পর্তুগালের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বদলি হয়ে নেমেছিলেন, কিন্তু ৯ নম্বর জার্সির প্রতি একদমই সুবিচার করতে পারেননি। পরশুই রেনাতো সানচেসের জায়গায় যখন ৭৯ মিনিটে এডার নামলেন, অনেকেরই ভ্রু কুঁচকে গিয়েছিল। আগের চার ম্যাচে মাঠে নামারই সুযোগ না পাওয়া এডার আর কীই-বা করতে পারবেন?
কে জানত, সবকিছুই তিনি জমিয়ে রেখেছিলেন সবচেয়ে বড় মঞ্চের জন্য। ম্যাচ শেষে আপ্লুত এডার বললেন, ‘ইউরোর প্রথম মিনিট থেকেই এই গোলটার জন্যই অপেক্ষা করছিলাম।’ সেই গোলের জন্য কৃতিত্বটা দিচ্ছেন রোনালদোকেই, ‘রোনালদো আমাকে বলেছিল, আমিই গোল করে দলকে জয় এনে দিতে পারি। সে আমাকে প্রেরণা দিয়েছে, শক্তি জুগিয়েছে। আমার জন্য সেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ।’
আর ফার্নান্দো সান্তোস নিশ্চয় মুচকি হাসছেন। ফাটকাটা এমনভাবে কাজে লেগে যাওয়ার আনন্দে পর্তুগাল কোচ দুষ্টুমির ছলে বলেই ফেললেন, ‘মাঠে নামার সময়েই সে বলেছিল, গোল করবে। সেটা সে করেছে। কুৎসিত হাঁসের ছানাটি এখন সুন্দর একটা রাজহাঁস।’
সেই রাজহাঁস হয়তো ভবিষ্যতে আরও ‘সোনার ডিম’ উপহার দেবে পর্তুগালকে! এএফপি, রয়টার্স।