এত আগে লিগ জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগ শেষ হবে মে মাসের তৃতীয় সপ্তাহে। অথচ এপ্রিলের প্রথম সপ্তাহেই একটা দল শিরোপা নিশ্চিত করে ফেলল! এতটা একতরফা হলে কোনো লিগে আর রোমাঞ্চ থাকে নাকি? না থাকুক, তাতে সেল্টিকের কী যায় আসে!

এডিনবরায় পরশু হার্থাকে ৫-০ গোলে হারানোর পরই নিশ্চিত হয়ে গেল, এই মৌসুমেও সেল্টিকই স্কটিশ প্রিমিয়ারশিপ জিতছে। টানা ষষ্ঠবারের মতো শিরোপা জেতার আনন্দে তাৎক্ষণিক ছোটখাটো একটা উৎসব হয়ে গেল প্রতিপক্ষের মাঠেই। অথচ লিগে এখনো সেল্টিকের আটটি ম্যাচ বাকি!
ইউরোপের নামীদামি লিগগুলোর তুলনায় স্কটিশ প্রিমিয়ারশিপ বৈশ্বিকভাবে এত জনপ্রিয় নয়। অথচ প্রথম ব্রিটিশ ক্লাব হিসেবে ইউরোপ সেরা হওয়ার কীর্তিটা কিন্তু সেল্টিকেরই, সেই ১৯৬৭ সালে। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি ‘আ’ বা বুন্দেসলিগার কাছাকাছি জনপ্রিয়তা থাকলে আপনিও জেনে যেতেন, এবার আট ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে একটা নতুন রেকর্ডও গড়েছে সেল্টিক। সবচেয়ে বেশি ম্যাচ হাতে রেখে স্কটিশ লিগ জয়ের রেকর্ডটা এখন ব্রেন্ডন রজার্সের দলের। এর আগের রেকর্ডটাও সেল্টিকেরই ছিল, তবে ২০১৩-১৪ মৌসুমে নিল লেননের দল লিগ জিতেছিল সাত ম্যাচ হাতে রেখে।
স্কটিশ রেকর্ড তো হলো, কিন্তু ইউরোপের শীর্ষ লিগগুলোর সঙ্গে তুলনা করলে কোথায় থাকবে সেল্টিকের এ কীর্তি? উয়েফা কিংবা ফিফার ওয়েবসাইটে এ রকম কোনো রেকর্ডের হিসাব রাখা হয়নি। তবে বিবিসি ও ইএসপিএনের তথ্য অনুযায়ী, শীর্ষ পর্যায়ের ইউরোপিয়ান ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ হাতে রেখে লিগ জয়ের রেকর্ডটাও স্পর্শ করেছে সেল্টিক। গত মৌসুমেই আট ম্যাচ হাতে রেখে ফরাসি লিগ ওয়ান জিতে রেকর্ডটা গড়েছিল পিএসজি। যেটি ছিল তাদের টানা চতুর্থ শিরোপা। শেষ পর্যন্ত নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব লিঁও ও মোনাকোর চেয়ে ওই মৌসুমে ৩১ পয়েন্ট এগিয়ে ছিল পিএসজি! যা ইউরোপে সবচেয়ে বেশি পয়েন্টের ব্যবধানে লিগ জেতার রেকর্ডও।
সেল্টিক যে মৌসুমে সাত ম্যাচ হাতে রেখে স্কটিশ লিগ জিতেছিল, ওই মৌসুমেই সাত ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগা জিতেছিল পেপ গার্দিওলার বায়ার্ন মিউনিখও। ওটাই ছিল বায়ার্নে গার্দিওলার প্রথম মৌসুম। এর আগের মৌসুমেই ইয়ুপ হেইঙ্কেসের বায়ার্ন ছয় ম্যাচ হাতে রেখে লিগ জিতে জার্মান রেকর্ড গড়েছিল। নিজের প্রথম মৌসুমেই পূর্বসূরির কীর্তিকে ছাড়িয়ে যান গার্দিওলা। এরপরের দুই মৌসুমেও শিরোপা জেতে গার্দিওলার দল।
লিগ একঘেয়ে বানিয়ে ফেলার কাজটা কিন্তু শুধু পিএসজি, সেল্টিক বা বায়ার্নই করেনি। গ্রিক সুপার লিগটাকে যেমন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে অলিম্পিয়াকোস। সর্বশেষ ২০ মৌসুমে ১৮ বারই চ্যাম্পিয়ন অলিম্পিয়াকোস। তবে গত মৌসুমটা এর মধ্যেও একটা জায়গা করে নেবে অলিম্পিয়াকোসের ইতিহাসে। ৩০ ম্যাচের ২৮টিতেই জয়! বাকি দুই ম্যাচের একটিতে ড্র, একটিতে হার। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে যখন অলিম্পিয়াকোসের লিগ শিরোপা নিশ্চিত হয়, তখনো লিগে তাদের ছয় ম্যাচ বাকি! শেষ পর্যন্ত দ্বিতীয় স্থানে থাকা প্যানাথিনাকোসের চেয়ে ৩০ পয়েন্ট এগিয়ে ছিল অলিম্পিয়াকোস!
গ্রিক লিগে যেটা করছে অলিম্পিয়াকোস, সেটাই ক্রোয়েশিয়ান লিগে করছে ডায়নামো জাগরেব। ক্রোয়েশিয়ান লিগ শুরুই হয়েছে ১৯৯২ সালে। এই ২৫ বছরের মধ্যে ১৮ বারই চ্যাম্পিয়ন জাগরেব। ২০০৭-০৮ মৌসুমে দ্বিতীয় স্থানে থাকা স্লাভেন বেলুপোর চেয়ে ২৮ পয়েন্ট এগিয়ে থেকে লিগ শেষ করেছিল তারা, শিরোপা নিশ্চিত হয়েছিল ছয় ম্যাচ বাকি থাকতেই। ওই মৌসুমে প্রতিপক্ষ দলগুলোর জালে মোট ৯১ গোল দিয়েছিল জাগরেব, খেয়েছিল মাত্র ৩৪টি, গোল ব্যবধান ৫৭! এত গোল কীভাবে করেছিল জাগরেব? ওই মৌসুমে জাগরেবে খেলেছেন লুকা মডরিচ ও মারিও মানজুকিচ।
প্রিমিয়ার লিগ, লা লিগা বা সিরি ‘আ’-তে অবশ্য কোনো দল মৌসুমে এ রকম একক আধিপত্য দেখাতে পারেনি। লা লিগায় প্রয়াত কোচ টিটো ভিলানোভার অধীনে বার্সেলোনা ২০১২-১৩ মৌসুমে শিরোপা জিতেছিল চার ম্যাচ হাতে রেখে। ইএসপিএনের দাবি, স্মরণকালের মধ্যে ওটাই সবচেয়ে বেশি ম্যাচ হাতে রেখে লা লিগা জয়ের রেকর্ড। প্রিমিয়ার লিগে এ রেকর্ডটা ম্যানচেস্টার ইউনাইটেডের। ২০০১-০২ মৌসুমে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল শিরোপা জিতেছিল পাঁচ ম্যাচ হাতে রেখে। এ ক্ষেত্রে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলা যায় ইতালিয়ান সিরি ‘আ’-কে। গত মৌসুমে জুভেন্টাস টানা পঞ্চম শিরোপা জিতেছিল, যেটি নিশ্চিত হয়েছিল তিন ম্যাচ বাকি থাকতে। এর চেয়ে আগে শিরোপা নিশ্চিত করে ফেলার কাজটা নিকট অতীতে অন্তত ইতালির আর কোনো দল করতে পারেনি।