এত কম ছিল নেইমারের দাম!
এটা নিয়ে কম বিতর্ক হয়নি। তারপরও আসলে কত ট্রান্সফার ফি নিয়ে নেইমার সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন, তা পরিষ্কার হয়নি এখনো। বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ সেই বিতর্কটাই বুঝি নতুন করে উসকে দিলেন। তাঁর দাবি, নেইমারকে কিনতে মাত্র ২ কোটি ৪৫ লাখ ইউরো খরচ হয়েছে বার্সার। শুরুতে যে অঙ্কটার কথা শোনা গিয়েছিল, তার চেয়ে এটা অনেক কম।
বার্সেলোনায় নেইমার যোগ দিয়েছেন তিন বছরের বেশি হয়ে গেল। কিন্তু তাঁর দলবদলের অঙ্ক নিয়ে রহস্যের জটটা এখনো খোলেনি। শুরুতে বলা হয়েছিল, ৪৯৮ কোটি টাকার (৫ কোটি ৭১ লাখ ইউরো) বিনিময়ে তাঁকে দলে টেনেছে বার্সেলোনা। কিন্তু পরে বার্সেলোনা সভাপতি বার্তোমেউ স্বীকার করেন নেইমারের পরিবারকে দেওয়া অর্থ হিসাব করলে অঙ্কটা আসলে দাঁড়ায় ৭৫১ কোটি টাকা (৮ কোটি ৬২ লাখ ইউরো)! মাঝে বার্সেলোনা থেকে পাওয়া অর্থের কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে। ব্যাপারটা আইন-আদালত পর্যন্ত গড়িয়েছে। শেষ পর্যন্ত স্পেনের আদালতে স্প্যানিশ কর বিভাগের সঙ্গে একটা আপসও করেছে বার্সা।
সবশেষে এখন বার্তোমেউ বলছেন, ‘নেইমারকে কিনতে আমাদের ১ কোটি ৭০ লাখ ইউরো খরচ হয়েছে। এর পাশাপাশি আদালতে মামলাটার আপসরফা করতে খরচ হয়েছে ৫০ লাখ ইউরো। এ ছাড়া ব্যালন ডি’অরের সেরা তিনে থাকলে তাকে একটা বোনাস দেওয়ার কথা ছিল। সব মিলিয়ে অঙ্কটা ২ কোটি ৪৫ লাখ ইউরো।’
তাহলে শুরুতে যে ৫ কোটি ৭১ লাখ ইউরোর কথা শোনা গিয়েছিল? এ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এখনো। তবে স্প্যানিশ কিছু সংবাদমাধ্যমের দাবি, বাকি টাকাটা নেইমারের বেতন হিসেবে দেখিয়েছে বার্সেলোনা। মার্কা।