এত দর্শক ছিল কোথায়!

ক্ষণে ক্ষণে রং বদলেছে স্টেডিয়ামের। কখনো মেক্সিকান ওয়েভ। কখনো ‘বাংলাদেশ, বাংলাদেশ’ বলে গগনবিদারী চিৎকার। টইটম্বুর গ্যালারি। দর্শকদের মাথায় লাল-সবুজ পতাকা। গলায় জড়ানো পতাকা রঙের উত্তরীয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামের এমন রূপ যেন ফিরিয়ে এনেছিল দেশের ফুটবলের সেই সোনালি সময়কেই।
খেলা আধঘণ্টা পেরিয়ে গেলেও বাইরে হাজারো দর্শকের জটলা। গ্যালারি উপচে পড়ায় ততক্ষণে নিরাপত্তাকর্মীরা সব ফটক বন্ধ করে দিয়েছেন। ভেতরের জনসমুদ্রের গর্জনে মিলিয়ে যাচ্ছিল বাইরের অপেক্ষমাণদের হাহাকার। চলমান রাজনৈতিক অস্থিরতাও দর্শকের কাছে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়েম, সজল ও আসিফ আবাহনী গ্যালারিতে বসে খেলা দেখছিলেন। হরতাল-অবরোধ উপেক্ষা করে অনেকটা পথ ভেঙে ভেঙে পরশু রাতে এসেছেন ঢাকায়। রাতে বন্ধুর বাড়িতে ছিলেন। দুপুর গড়াতেই সবাই চলে আসেন স্টেডিয়ামে।
ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মদিনা জাহান রিমি। সাংবাদিকতার ছাত্রী মদিনা এবারই প্রথম বই লিখেছেন। নিজের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল বইমেলায়। কিন্তু বাংলাদেশের খেলা বলে কথা! বইমেলায় না গিয়ে চলে এসেছেন স্টেডিয়ামে। প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢুকে উচ্ছ্বাস চেপে রাখতে পারছিলেন না মদিনা, ‘কী যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারব না। মেয়ে বলে একটু কষ্ট হয়েছে ঢুকতে। কিন্তু মাঠে ঢোকার পর সব ভুলে গেছি।’
বার্সেলোনার জার্সি পরে এসেছিলেন মাদারীপুরের রাশেদ, অনীক ও আসিফ। অবরোধের জন্য ঢাকায় আসার গাড়ি পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত ঢাকায় পৌঁছাতে পেরেই স্বস্তি তিন বন্ধুর। উচ্চমাধ্যমিকের ছাত্র রাশেদ বলছিল, ‘এখন খেলা দেখার আনন্দে সব কষ্ট ভুলে গেছি।’
পুলিশের চাকরি করেন বলে মাঠে বসে খেলা দেখার খুব একটা সময় পান না রজত। কাল ছিল ছুটির দিন। স্ত্রী পূর্ণিমাকে নিয়ে চলে আসেন স্টেডিয়ামে। এত কাছে মামুনুল-এমিলিদের দেখে পূর্ণিমার সে কি উচ্ছ্বাস!
মাথায় বাঘের ছবি আঁকা টুপি। শাঁখারীবাজারের শাওন প্রথমবারের মতো মাঠে এসেছেন বাবার সঙ্গে। তবে নিয়মিতই বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা দেখেন নারায়ণগঞ্জের জিল্লুর রহমান। পেশায় চাকরিজীবী ওই ভদ্রলোক টিকিট না পেয়ে কালোবাজার থেকে কিনেছেন। টিকিটের চাহিদা বেড়ে যাওয়ায় ৮০ টাকার গ্যালারির টিকিট কিনতে হয়েছে ১৫০ টাকায়, আর ১৫০ টাকার টিকিট ৫০০ টাকায়। মাঠে দর্শক ফেরায় হাসি ফুটেছে কালোবাজারিদের মুখেও। এমন একজন সিরাজুল বলছিলেন, ‘২০-২২ বছর পর ঢাকার মাঠে এমন দর্শক দেখছি। এমন দর্শক হলে আমাদের টিকিট বিক্রিও ভালো হয়।’ আরেক বয়স্ক বিক্রেতা লালু মিয়ার আশা, ‘মাঠে দর্শক ফেরায় আমাদেরও দিন ফিরেছে। আশা করছি, এখন থেকে নিয়মিত ফুটবল দেখতে মাঠে আসবে দর্শক।’
খেলা শেষে হাজারো জোনাকির আলো হয়ে জ্বলছিল যেন দর্শকের হাতের সব মুঠোফোন। স্মরণীয় জয়ের স্মৃতিটা ধরে রাখতে কেই-বা দেরি করবে!