এত দূর ভাবেনইনি রোনালদো
ক্লাব ক্যারিয়ারে অজেয় প্রায় কিছুই নেই। আকাশছোঁয়া খ্যাতি, কাঁড়ি কাঁড়ি টাকা এসব তো এসেছে সাফল্যের অনুষঙ্গ হয়েই। একজন ফুটবলারের পক্ষে যা পাওয়া সম্ভব, ক্রিস্টিয়ানো রোনালদো তার প্রায় সবই পেয়েছেন। নিজেকে এই উচ্চতায় দেখবেন, সেটা হয়তো ভাবেননি। তবে তিনি নাকি এটাই ভাবেননি যে একদিন পেশাদার ফুটবলার হবেন!
পর্তুগালের মেদেইরার মাঠে ছোটবেলা থেকেই দাপিয়ে বেড়াতেন। তখন ফুটবল ছিল শুধুই আনন্দের উপলক্ষ। একদিন রোনালদোর বাবাই খেলা দেখে তাঁকে উৎসাহ দিলেন। সিআর ৭-এর নিজের মুখেই শুনুন, ‘আমাদের পরিবারে সবাই ফুটবল ভালোবাসে। আমার মনে আছে, একদিন রাস্তায় ফুটবল খেলছিলাম। বাবা তখন আমাকে বললেন, আমি কাজে যাওয়ার সময় তুমি ক্লাবে অনুশীলন করতে পারো। তখন আমি খেলা শুরু করলাম। খেলাটা খুবই উপভোগ করতাম, বাবাও আমার পাশে থাকতেন।’ তবে তখনো ফুটবলকেই জীবনের ধ্রুবতারা করবেন, সেটা ভাবেননি, ‘শুরুতে আমি শুধু ভেবেছিলাম বাকিদের চেয়ে আমি একটু আলাদা। তবে পেশাদার হব বা ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ বা স্পোর্টিংয়ের মতো ক্লাবে খেলব সেটা কখনোই ভাবিনি।’
কিন্তু প্রতিভা কখনো চাপা থাকে না। রোনালদো জানাচ্ছেন, ‘তিন থেকে চার বছর পর বুঝতে পারলাম, আমি বড় কোথাও খেলতে চাই। টিভিতে ম্যাচ দেখে আমি সেই স্বপ্ন দেখা শুরু করেছিলাম।’ গোলডটকম।