এত দ্রুতই কোচ বদলাতে চান না সালাউদ্দিন

দায়িত্ব পেয়েছিলেন এক মাস আগে। সাফের জন্য দলকে প্রস্তুত করার মাত্র দিন বিশেক সময় পেয়েছিলেন মারুফুল হক। এত অল্প প্রস্তুতিতে দলে আর ছাপ রাখবেন কী করে, গোছাবেনই বা কীভাবে? আর এই ব্যর্থতার পর জাতীয় দলের কোচের দায়িত্বে মারুফুলের ভবিষ্যৎও শঙ্কায় পড়ে গেছে।
অবশ্য সাফের ব্যর্থতার জন্য শুধু প্রস্তুতির অভাবকেই একমাত্র কারণ বলা যাবে না। দলে শৃঙ্খলার অভাব, বিভেদের গুঞ্জন—এমন আরও অন্য অনেক কারণ থাকতে পারে। তবে কারণ যা-ই হোক, সত্যিটা হচ্ছে, দক্ষিণ এশিয়ার মধ্যেই এখন আর মাথা তুলে দাঁড়াতে পারছে না বাংলাদেশ। টানা তিনবার সাফের গ্রুপপর্ব থেকে বাদ পড়া তা-ই বলে। তবে মাত্র তিন ম্যাচে দায়িত্ব দিয়েই মারুফুলকে সরানো ঠিক হবে না বলেই মত ফুটবল বিশ্লেষকদের।
আশার কথা, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও একই রকম ভাবছেন। মারুফুলকে দীর্ঘ মেয়াদেই দায়িত্বে রাখার পক্ষে তিনি।
গত কয়েক দিনে কিছু কিছু সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, বাংলাদেশ ফুটবল দলের দায়িত্বে আর থাকছেন না মারুফুল। যদিও ব্যাপারটি পুরোপুরি এমন নয় বলেই দাবি করলেন সালাউদ্দিন। মারুফ চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না বলে যে খবর প্রকাশিত হয়েছে, সেটি নাকি ‘ভুল বোঝাবুঝি’। মারুফ দক্ষিণ এশিয়ার একমাত্র উয়েফা ‘এ’ লাইসেন্সধারী এই কোচ জাতীয় দলে থাকতেই চান, তবে এভাবে একটি টুর্নামেন্টের জন্য করে নয়। সালাউদ্দিনও নিশ্চিত করলেন, মারুফুলের এই চাওয়ার কথা। তবে বাফুফে আর মারুফ—দুই পক্ষই কী সিদ্ধান্ত নেবে, সেটি হয়তো জানা যাবে আগামীকাল।
আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ড কাপের ড্র অনুষ্ঠান শেষে জাতীয় দলের কোচের ভবিষ্যৎ নিয়ে বাফুফে সভাপতি বললেন, ‘মারুফুলের ব্যাপারটিকে কিছু কিছু সংবাদমাধ্যমে ভুল ব্যাখ্যা করা হয়েছে। ও দীর্ঘ মেয়াদে কোচ হতে চায়। আমরা এই ব্যাপারে ওর সঙ্গে আলোচনা করব। তবে যদি সে একান্তই থাকতে রাজি না হয়, সে ক্ষেত্রে বিকল্প ভাবতে হবে আমাদের।’
বাফুফে সূত্র জানাচ্ছে, আগামীকালই বাফুফে ভবনে বা সালাউদ্দিনের বাসভবনে মারুফুলের সঙ্গে আলোচনা হবে। সাফের ব্যর্থ মিশন শেষ করে আজই দেশে ফিরছেন বাংলাদেশ কোচ।
তবে মারুফুলই হোন বা তাঁর বিকল্প, কোচকে যেন অন্তত দল গুছিয়ে নেওয়ার মতো সময় দেওয়া হয়। জাতীয় দলের সাফল্যের জন্য জাতির কাছ থেকে আজ নিজে সময় চেয়ে নিয়েছেন বাফুফে সভাপতি। বলেছেন, অদূর ভবিষ্যতেই জাতির প্রত্যাশা পূরণ করার মতো সাফল্য এনে দিতে পারবে জাতীয় ফুটবল দল। কিন্তু জাতিকে ধৈর্য ধরতেই হবে।