এত বিদেশি কোচ কেন - প্রশ্ন মরিনহোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের ফুটবলে বিদেশি কোচ একটু বেশিই হয়ে গেছে বলে মনে করেন হোসে মরিনহো
ইংল্যান্ডের ফুটবলে বিদেশি কোচ একটু বেশিই হয়ে গেছে বলে মনে করেন হোসে মরিনহো

তিনি নিজে পর্তুগিজ। দ্বিতীয় মেয়াদে চেলসির দায়িত্ব পালন করছেন। ইংলিশ লিগে তিনিও একজন ‘বিদেশি’। সেই হোসে মরিনহোরই মনে হচ্ছে, প্রিমিয়ার লিগে বিদেশি কোচের সংখ্যা একটু বেশি। কোনো ইংলিশ ক্লাবের কোচ হয়ে আসাটা ভিনদেশিদের জন্য আগের চেয়ে নাকি বেশিই সহজ হয়ে গেছে! ইংলিশ ফুটবলের জন্য এটি ভালো হচ্ছে না বলেই তাঁর ধারণা।
হঠাৎ করে মরিনহোর এমন ‘বোধোদয়’ হওয়ার কারণ, ইংল্যান্ডের কোচের পদে নতুন কোনো বিদেশিকে দেখতে পাওয়ার সম্ভাবনা। আগামী বছর ইউরো শেষেই বর্তমান ইংল্যান্ড কোচ রয় হজসনের চুক্তি শেষ হয়ে যাবে। এরপর আবার কোনো বিদেশি কোচের দ্বারস্থ হবে ইংল্যান্ড, এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এই গুঞ্জনই উসকে দিয়েছে নতুন বিতর্ক—ইংল্যান্ডে কী জাতীয় দলের দায়িত্ব নেওয়ার মতো কোনো কোচ নেই?
ইংলিশ ক্লাবগুলোর কোচের পরিসংখ্যান অবশ্য বলবে, খুব বেশি একটা নেই। এই মুহূর্তে ইংল্যান্ডে প্রথম বিভাগের ২০টি ক্লাবের মধ্যে ১২টির কোচই বিদেশি। ইংলিশ কোচ গ্যারি মঙ্ককে বরখাস্ত করার পর সোয়ানসি সিটি এই মুহূর্তে কোচহীন। বাকি সাতজনই কেবল ইংলিশ। এটিতে ইংল্যান্ডের উদ্বেগের কারণ দেখছেন মরিনহো। এ জন্য দায়ী করছেন ইংলিশ ক্লাবগুলোর বিদেশি কোচ প্রীতিকেই। একসময় ইংল্যান্ডে কোচ হয়ে আসার জন্য অনেক বিশেষ কিছু করতে হলেও (যেমন পোর্তোর হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়) এখন বিদেশি কোচদের জন্য ইংল্যান্ডের দুয়ার অনেক বড় হয়ে গেছে বলে মনে করেন মরিনহো, ‘এখন বিষয়টি অনেক সহজ হয়ে গেছে। আমার মনে হয় বিদেশি কোচের সংখ্যা অনেক বেড়ে গেছে। প্রিমিয়ার লিগে যেমন, তেমনি চ্যাম্পিয়নশিপেও। লিগ ওয়ানেও হয়তো বা, আমি জানি না। তবে সংখ্যাটা ইংলিশ বা ব্রিটিশ কোচদের তুলনায় অনেক বেশি।’ 

অথচ মরিনহোর নিজ দেশ পর্তুগালের প্রিমিয়ার লিগে ১৮ দলের মধ্যে ১৫টিরই কোচ পর্তুগিজ। এর পেছনে কৃতিত্ব কার জানেন? মরিনহোর! অন্তত চেলসি কোচের দাবি তা-ই, ‘কেউ কেউ বলে এটা আমার কারণেই হচ্ছে। সবাই দেখল একজন তরুণ পর্তুগিজ কোচ পোর্তোকে চ্যাম্পিয়ন করল, আবারও চ্যাম্পিয়ন করল, চ্যাম্পিয়নস লিগ জেতাল। সাফল্য এল, আর সবাই বিশ্বাস করতে শুরু করল ও পর্তুগিজ কোচদের সুযোগ দিতে শুরু করল।’
পর্তুগাল যেটি করতে পারছে, ইংল্যান্ড কেন পারছে না? ইংল্যান্ডে কম ভালো কোনো কোচ নেই? মরিনহো সেটি মনে করেন না। ইংলিশ সংবাদমাধ্যমের উদ্দেশে বললেন, ‘ব্রিটেনে অনেক ভালো কোচ আছে। আমি শুধু যেটি বলতে পারি, আমার আগের বারে এবং এবার, সব সময়ই ভালো অনেক কোচ ছিল আপনাদের। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’ তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ।