গ্রামের মাঠে দাপাদাপি বা গ্রামের পুকুরে দিনভর সাঁতার কাটার ফুরসত আজ আর মেলে না ওদের। ওরা এখন বিমানে চড়ে নিয়মিত। কখনো সাংহাই, কখনো সিঙ্গাপুর, কখনো ওসাকা।
কাল রাতে যেমন জাপানের ওসাকায় গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। সেখানে তারা তিনটি অনুশীলন ম্যাচ খেলবে। সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিতে ধারাবাহিক বিদেশ সফরেরই অংশ এটি। আগেরবার ওসাকার যে একাডেমিতে গিয়েছিল বাংলাদেশ দল, এবারের গন্তব্যও সেটি।
কৃষ্ণা সরকারদের অনেক ভাগ্য। কারণ অন্য অনেক কিছু আর্থিক সংকটের কারণে বন্ধ থাকলেও মেয়েদের জন্য বাফুফে সম্ভাব্য সবই করছে। কোনো টুর্নামেন্টের আগে দেশের ভেতরেই একটি অনুশীলন ম্যাচ খেলা অনেক সময়ই দুর্লভ হয়ে ওঠে ছেলেদের জন্য, সেখানে অনূর্ধ্ব-১৬ নারী দল এশিয়ার উন্নত দেশগুলোয় গিয়ে ম্যাচ খেলছে। এটা বাংলাদেশের ফুটবলে ব্যতিক্রম। কিছুদিন আগে চীন ও জাপানে গিয়েছিল প্রস্তুতি ম্যাচ খেলতে। সিঙ্গাপুরেও যাওয়ার সুযোগ হয় একটা টুর্নামেন্টে।
এখন শুধু জাপানে দ্বিতীয় সফর নয়, এরপর ১০-২৩ সেপ্টেম্বরে থাইল্যান্ডের চুনবুরিতে চূড়ান্ত পর্বের আগে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম যাওয়ারও কথা বাংলাদেশের। তার মানে চূড়ান্ত পর্বের আগে ছয়টি দেশ সফর হবে কৃষ্ণাদের। গ্রামের একদল কিশোরীর জন্য এটা অনেক বড় পাওয়া।
কিন্তু বিদেশে এত অনুশীলন ম্যাচ খেলে টুর্নামেন্টে কতটা কী করতে পারবে কৃষ্ণা-সানজিদারা, তা নিয়ে সংশয় আছে খোদ টিম ম্যানেজমেন্টেরই। কারণ থাইল্যান্ডে চূড়ান্ত পর্বে জাপান, অস্ট্রেলিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার মতো দলের সঙ্গে গ্রুপ পর্বে খেলা পড়েছে বাংলাদেশের। এই দলগুলো বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে।
ব্যবধান যতটা পারা যায় কমিয়ে আনাই লক্ষ্য—বলেছে অধিনায়ক কৃষ্ণা সরকার, ‘এ সফর থেকে নিজেদের ভুলগুলো সংশোধনের চেষ্টা করব আমরা। তবে খুশির খবর, যত দিন যাচ্ছে আমরা মানসিকভাবে শক্তিশালী হচ্ছি। আমাদের মনোবল বাড়ছে।’
মাঠের বাইরে মেয়েদের জীবনে এখন শহুরে হাওয়া লেগেছে। চালচলন, পোশাক, কথাবার্তা—সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া। চুলের ছাঁট দিতে তাঁদের নিয়ে যাওয়া হয় পারলারে। খাওয়াদাওয়ায় এসেছে পরিবর্তন। মোট কথা, জীবনটাই বদলে গেছে কৃষ্ণাদের।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের কোচ গোলাম রব্বানী এসব দেখে ভীষণ খুশি। নিজেই বলেন, ‘ওদের মধ্যে আগে অনেক জড়তা ছিল। বিমানবন্দরে নেমে বা পৌঁছে আগে কোন দিকে যাবে, ওরা বুঝতে পারত না। এখন বোঝে কোন দিকে যাওয়া লাগবে, ট্রানজিটে কী করতে হবে।’ মাঠের কাজটাও এভাবে বুঝতে পারলে তবেই সার্থক হতে পারে মেয়েদের এই চীন, জাপান, সিঙ্গাপুর সফর।