এত সমালোচনা কেন মেসির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপার ফাইনালে আর্জেন্টিনার ব্যর্থতাই যেন খুলে দিয়েছে সমালোচনার সব দুয়ার। লিওনেল মেসি দেশের হয়ে নিজের সেরাটা দেন না—সমালোচনা শুরু হয়েছিল আর্জেন্টিনাতেই। লুইস সুয়ারেজসহ অনেকেই এরপর মেসির পাশে দাঁড়িয়েছেন, জোর গলায় বলেছেন মেসির সমালোচনা অযৌক্তিক। এবার সেটাই প্রতিধ্বনিত হলো আর্জেন্টিনার বাস্কেটবল খেলোয়াড় মানু জিনোবিলির কণ্ঠে।
আর্জেন্টিনার সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড় মনে করা হয় জিনোবিলিকে। সমালোচনা কাকে বলে, সান আন্তোনিও স্পারস কিংবদন্তির সেটা নিশ্চয়ই জানা। মেসির পক্ষে কথা বলতে গিয়ে তাই নিজের শঙ্কাটাও জানিয়েছেন, ‘সে অবিশ্বাস্য। আমাদের সে দুটি টুর্নামেন্টের ফাইনালে নিয়ে গেছে। খুব বেশি সমালোচক আছে বলে মনে হচ্ছে না, কিন্তু আর্জেন্টাইন ক্রীড়াক্ষেত্রের সবচেয়ে বড় মুক্তাটির সমালোচনা করাটা অদ্ভুত। একদিন এমনও হতে পারে, সে এসবে তিতিবিরক্ত হয়ে হয়তো খেলাই ছেড়ে দেবে। তখন সবার কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’
জিনোবিলির শঙ্কাটা সত্যি হোক, আর্জেন্টাইনরা এমনটা আবার চাইতে পারে না! আর্জেন্টিনার পরের ম্যাচ ৮ সেপ্টেম্বর, জোর গুঞ্জন মেক্সিকোর সঙ্গে সেই প্রীতি ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়া হতে পারে। পাঁচ দিন পরই যে লা লিগায় অ্যাটলেটিকোর সঙ্গে বার্সেলোনার খেলা! জেরার্ডো মার্টিনো মেসিকে রাখবেন কি না, সেটা কয়েক সপ্তাহের মধ্যেই জানা যাবে। গোলডটকম।