এত সহজেও গোল করা যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোড়া গোল করে জয়ের নায়ক ম্যাথুকি। ছবি: বাফুফে
জোড়া গোল করে জয়ের নায়ক ম্যাথুকি। ছবি: বাফুফে

প্রথম গোলের বর্ণনা—জামালের দুই সেন্টারব্যাক মামুন ও আনিসুর রহমানের মাঝখান দিয়ে বের হয়ে গেলেন ফরাশগঞ্জের স্ট্রাইকার চিনেডু ম্যাথুকি। বলের নিয়ন্ত্রণ নিয়ে দূরের পোস্টে গোল। গোলরক্ষক মোহাম্মদ নাইম পোস্ট ছেড়ে বের হয়ে এসে না করলেন বলের লাইন ব্লক, না দেখাতে পারলেন গোল ঠেকানোর কোনো প্রচেষ্টা।

এবার দ্বিতীয় গোলের কথায় আসা যাক, রাইটব্যাক খান মোহাম্মদ তারা পাস দিলেন সেন্টারব্যাক মামুনের উদ্দেশ্যে। ছেড়ে দেওয়া সেই বলে গোলরক্ষককে একা পেয়ে যান স্ট্রাইকার ম্যাথুকি। কিন্তু নাইজেরিয়ান এই স্ট্রাইকার বল ধরার আগে পোস্ট ছেড়ে এসে ফাউল করলেন গোলরক্ষক নাঈম। পেনাল্টি! স্পটকিক থেকে ম্যাথুকির ২-০।

ফরাশগঞ্জ লিগের প্রথম পর্বে শেখ জামালের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। আজ তারাই ধানমন্ডির দলটির বিপক্ষে জয় পেল ৩-১ গোলের ব্যবধানে। তা-ও আবার প্রথমার্ধের ৩৫ মিনিটের মধ্যেই তিন গোলে এগিয়ে যাওয়া। কী উন্নতি! শেষ বাঁশি বাজার আগে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেছেন সলোমন কিং। কিন্তু আজ জামালের গোল হজম করা ও ফরাশগঞ্জের গোল করা দেখে প্রশ্ন উঠতেই পারে, এত সহজে গোল করা যায়?

শিরোপা স্বপ্ন আগেই শেষ হয়েছে, রানার্সআপ স্থানটাও নিশ্চিত শেখ জামালের। এ ম্যাচের উত্তেজনা ছিল ফরাশগঞ্জের অবনমন এড়ানো নিয়ে। জামালকে হারিয়ে অবনমন এড়ানোর লড়াইয়ে টিকে থাকল পুরান ঢাকার দলটি। এই লড়াইয়ে তাদের প্রতিপক্ষ রহমতগঞ্জ ও মুক্তিযোদ্ধা সংসদ। এ জয়ে ২২ ম্যাচে ফরাশগঞ্জের পয়েন্ট ১৭ আর ২১ ম্যাচে রহমতগঞ্জ ও মুক্তিযোদ্ধার পয়েন্ট যথাক্রমে ১৫ ও ১৭।

আজ মাঠে খুঁজেই পাওয়া যায়নি শেখ জামালকে। স্টেডিয়ামের বাতাসে কানাঘুষা, ম্যাচটি ছেড়ে দিয়েছে শেখ জামাল। ম্যাচ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার আগেই পাশ কাটিয়ে মাঠ থেকে বের হয়ে গেলেন ম্যানেজার। খেলোয়াড়রাও ড্রেসিংরুমের দিকে হন হন করে হেঁটে গেলেন। ‘ম্যাচটা কি ছেড়ে দিলেন?’ কোচ মাহবুব হোসেনের দিকে প্রশ্নবাণ ছুটতেই, ‘আসলে আগেই রানার্সআপ নিশ্চিত হয়ে যাওয়ায় ছেলের মধ্যে গা ছাড়া ভাব ছিল। এ ছাড়া রক্ষণভাগ ও গোলরক্ষক ভালো খেলতে পারেনি।’
কিন্তু এতেও কি গুঞ্জন থামানো যায়! গ্যালারি থেকেও চিৎকার, ম্যাচ ছেড়ে দিয়েছে শেখ জামাল।