এত 'জঘন্য'ও খেলে বার্সা!
অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর! তা স্যান সেবাস্তিয়ানে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার পারফরম্যান্সটা দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা কারও কাছেই ‘অধিক শোক’-এর চেয়ে কম কিছু না। জেরার্ড পিকে অবশ্য সে কারণে পাথর না হয়ে হলেন ভীষণ ক্ষুব্ধ। নইলে কি আর বলেন, ‘আমরা আসলে ম্যাচেই ছিলাম না। এভাবে যদি আমরা খেলি, কখনোই লিগ জিতব না।’
কেমন খেলেছে বার্সা? পরশু রাতের ম্যাচটা যাঁরা দেখেননি, তাঁরা উত্তরটা জানার জন্য বার্সা কোচ লুইস এনরিকের কথাটা শুনতে পারেন, ‘আমি এখানে আসার পর এটা সবচেয়ে জঘন্য ম্যাচ। কেউ যদি হঠাৎ এই ম্যাচ দেখত, মনে করত, সোসিয়েদাদের জার্সিতে বার্সা খেলছে আর বার্সার জার্সিতে অন্য কেউ।’
কতটা জঘন্য? প্রথমার্ধে সোসিয়েদাদের গোলমুখে একটাও শট নেই বার্সার! শট দূরের কথা, সোসিয়েদাদের বক্সের আশপাশে প্রথম আক্রমণটা সাজাতে ৪১ মিনিট লাগল। অন্যদিকে সোসিয়েদাদ আক্রমণের বন্যায় বার্সাকে প্রায় ভাসিয়েই নিচ্ছিল। ম্যাচটা এত একতরফা হয়েছে, ১-১ স্কোরলাইনটা সোসিয়েদাদের জন্য ভীষণই অন্যায়! লিগে সোসিয়েদাদের মাঠে সর্বশেষ ৫ ম্যাচে এই প্রথম ড্র নিয়ে ফিরতে পারল বার্সা, বাকি সবগুলোতেই হার। আর স্যান সেবাস্তিয়ান থেকে বার্সা তো জয় নিয়ে ফিরতে পারেনি সেই ২০০৭ সালের পর একবারও!
এদিন ১ পয়েন্ট পাওয়াটাকেই এনরিকে বলছেন ‘অলৌকিক’। একটুও কার্পণ্য করেননি সোসিয়েদাদকে কৃতিত্ব দিতে, ‘সাধারণত আমাদের বিপক্ষে রক্ষণাত্মক থাকাটাই কৌশল হিসেবে নেয় অনেক দল। কিন্তু ওরা আক্রমণ করে করে আমাদের তটস্থ করে ফেলেছিল। ওদের ৩ পয়েন্ট পাওয়া উচিত ছিল।’ তারও আগে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পিকে বলেছেন, ‘সব সময় আমাকে এটা বলতে হয় না। কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, এই ম্যাচ ড্র করেই আমরা খুব খুশি!’
৫৩ মিনিটে উইলিয়ান হোসের গোলটা অবশ্য ৬ মিনিটের মধ্যেই শোধ করেছেন লিওনেল মেসি। পুরো ম্যাচে বার্সার একমাত্র উজ্জ্বল মুহূর্ত। তবে শুধু মেসি নয়, বার্সাকে বাঁচিয়ে দিয়েছে গোলপোস্টও। কার্লোস ভেলার দুটি শট একবার ক্রসবারে, অন্যবার পোস্টে লেগেছে। হুয়ানমির গোলটা লাইন্সম্যানের ভুলে বাতিল হওয়াতেই সোসিয়েদাদের মাঠে টানা পঞ্চম হার থেকে বেঁচেছে বার্সা।
এল ক্লাসিকোর আগে লিগে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে দুইয়ে থাকল বার্সা। আগামী শনিবার ন্যু ক্যাম্পেই কি তাহলে লিগের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে? রিয়াল নিয়ে প্রশংসাসূচক কিছু বলতে যাঁর ঘোর অনীহা, পরশু নিজেদের এমন পারফরম্যান্সের পর সেই পিকেই বলে দিলেন, ‘আমরা একটা দুর্দান্ত দলের বিপক্ষে খেলব। লিগে এ মুহূর্তে সেরা। এ কারণেই ওরা (রিয়াল মাদ্রিদ) ওই জায়গাটায় আছে আর আমরা এখানে পড়ে আছি।’
রোনালদোরা শুনলে খুশি হবেন বৈকি! এএফপি, গোলডটকম।