এতটা ভাবেননি হেমন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের দিন ম্যাচ জিতিয়েছেন। কাল টিম হোটেলে সোহেল রানা, মামু​নুলদের সঙ্গে আড্ডায়ও মধ্যমণি থাকলেন হেমন্ত (বাঁয়ে) l প্রথম আলো
আগের দিন ম্যাচ জিতিয়েছেন। কাল টিম হোটেলে সোহেল রানা, মামু​নুলদের সঙ্গে আড্ডায়ও মধ্যমণি থাকলেন হেমন্ত (বাঁয়ে) l প্রথম আলো

‘ছেলেটির রূপ ছিল কুয়াশার মতন পলকা।
হাসির মধ্যে ছিল হেমন্তের পাতা ঝরানোর গান,
তাকে সবাই কেমন আপন করে ভালবাসতো...’
শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাটি কখনো পড়া হয়নি হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের। কিন্তু জাতীয় দলের মিডফিল্ডার ঠিকই বুঝে গেছেন সারা দেশের মানুষ তাঁকে কতটা ভালোবেসে ফেলেছে।
পরশু রাত থেকেই হেমন্ত বুঝতে শুরু করেছেন, আসলেই কী কাণ্ডটা করেছেন! শ্রীলঙ্কার সঙ্গে দুর্দান্ত খেলেছেন। তাঁর জয়সূচক গোলেই খাদের কিনারা থেকে ফিরতে পেরেছেন মামুনুল ও এমিলি। যেতে হয়নি অবসরে। এখন বঙ্গবন্ধু কাপের ফাইনালে ওঠারও স্বপ্ন দেখছে বাংলাদেশ।
ফেসবুকে চলছে বন্ধুদের শুভেচ্ছাবন্যা। অনেক ফোন পাচ্ছেন দিনাজপুরের যুবক। গোলের পর হেমন্ত প্রথম ফোনটা পেয়েছিলেন মায়ের কাছ থেকেই। দিনাজপুরে বাড়িতে বসে পরিবারের সবাইকে নিয়ে খেলা দেখছিলেন হেমন্তের মা প্রিসিলা বিশ্বাস। গোলটা হতেই মুঠোফোন তুলে নিয়েছিলেন তিনি। ছেলে যে তখন মাঠে খেলছে, তা যেন বেমালুম ভুলে গিয়েছিলেন মা! ম্যাচ শেষে খোলার পর দেখলেন ১৬টা মিসড কল! কাল সোনারগাঁও হোটেলের লবিতে বসে মায়ের খুশির বর্ণনা করলেন এভাবে, ‘মা আনন্দে কাঁদছিলেন। আমার খেলা দেখে ভীষণ খুশি হয়েছেন।’
বাবা মাইকেল বিশ্বাসও গর্বিত। একসময় দিনাজপুরের স্থানীয় লিগে ফুটবল খেলতেন মাইকেল বিশ্বাস। নিজে বড় ফুটবলার হতে পারেননি, ছেলেকে দিয়ে সেই ইচ্ছা পূরণ হলো তাঁর। বর্তমানে স্থানীয় ক্লাবে কোচিং করান। ছোট থেকেই হেমন্তের ফুটবলপ্রেম বুঝতে পেরেছিলেন বাবা। স্কুল ফাঁকি দিয়ে নিয়মিতই হেমন্ত চলে আসতেন মাঠে। বাবা একদিন বললেন, ‘তুই কি ফুটবলার হবি?’ আর পেছনে তাকানো নয়। ২০০৭ সালে বিকেএসপিতে ভর্তি।
হেমন্তকে চিনেছেন কোচ লোডভিক ডি ক্রুইফ। অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই মিডফিল্ডারকে গত মার্চে গোয়ায় ভারতের সঙ্গে প্রীতি ম্যাচে অভিষেক করিয়ে দেন। ১০ নম্বর জার্সিটাও তুলে দিয়েছিলেন হেমন্তের গায়ে। সেই জার্সির মান রেখে খুশি হেমন্ত, ‘কোচ প্রথম দিনই বলেছিলেন, তোমার চেহারা দেখে দলে ডাকিনি। তোমার মধ্যে সম্ভাবনা আছে। এবার পারফরম্যান্স দেখাও।’
হেমন্তের প্রতিভা চোখ কেড়েছিল বাড়ির পাশের এক চাচারও। দিনাজপুরে তখন কিশোর লিগে খেলতেন হেমন্ত। খেলা দেখে একদিন ওই চাচা বলেছিলেন, ‘তুই ফুটবলটা কখনো ছাড়িস না। অনেক দূরে যেতে পারবি।’
প্রায় ১০ বছর পর সেই চাচার টেলিফোনে কাল ঘুম ভাঙে হেমন্তের। দীর্ঘ প্রবাসজীবন কাটানোর পর দেশে এসে পরশু দেখেছেন হেমন্তের খেলা। বিস্ময়মাখা কণ্ঠে হেমন্ত বলছিলেন, ‘আমি ভাবতেই পারিনি ওই আঙ্কেল আমাকে ফোন করবেন। আমার গায়ে জাতীয় দলের জার্সি দেখে ভীষণ খুশি তিনি।’
জাতীয় দলে মাত্র তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এরই মধ্যেই আলো কেড়েছেন। হেমন্ত নিজেই অবাক, ‘হোটেলে সবাই অন্য চোখে তাকাচ্ছে। একটা কথাই মনে হচ্ছে, দিনাজপুরের অখ্যাত এক ছেলে এখন ফাইভ স্টার হোটেলে, ফুটবলই আমার জীবনটা বদলে দিয়েছে।’ যেতে চান বহুদূর, ‘মামুনুল ভাইয়ের মতো অধিনায়ক হতে চাই।’
নেপালের বিমল খাড়কার সঙ্গে হল্যান্ডের ক্লাবে হেমন্তকে ট্রায়াল দিতে পাঠিয়েছিলেন ডি ক্রুইফ। শেষ পর্যন্ত টেকেননি। তবে ইউরোপের ক্লাবের ড্রেসিংরুমের ১৫ দিনের অভিজ্ঞতা তাঁর কাছে অমূল্যই, ‘ওখানে ৩টা ম্যাচ খেলেছিলাম। একজন ফুটবলারের যে ক্ষুধাটা দরকার, তা ওখান থেকেই পেয়েছি।’ হেমন্তের এই ক্ষুধাটা থাকা মানেই সবার মুখে হাসি।