এদিকে মেসি ওদিকে তেভেজ

বড় মঞ্চে নিজেকে নতুন করে প্রমাণ করার কিছু নেই। ক্লাব ফুটবল থেকে যা পাওয়ার সবই পেয়ে গেছেন। লিওনেল মেসির সামনে এমন মঞ্চ, যেখানে আগে কারও পা পড়েনি। আজ জিতলে যেমন তিনবার চ্যাম্পিয়নস লিগজয়ীর পদক গলায় পরবেন।
গত কিছুদিনের ফর্ম বলছে, মেসিকে রুখতে হলে জুভেন্টাস ডিফেন্ডারদের নিজেদের সেরাটা দিতে হবে। গত সপ্তাহে কোপা ডেল রের ফাইনালে করা তাঁর প্রথম গোলটি অনেক দিনই চোখে মায়াঞ্জন বুলিয়ে যাবে। এক বছর আগে চোট আর ফর্মহীনতায় মেসি-জাদুর শেষ দেখে ফেলেছিলেন অনেকে। কিন্তু মেসি যেন নেইমার-সুয়ারেজকে নিয়ে আরও বেশি দুরন্ত এবার। কোপা ডেল রের ওই গোলের পর নিজের দলই শুধু নয়, প্রতিপক্ষ দলও প্রশংসায় ভাসিয়েছেন মেসিকে।
এই তো কয়েক দিন আগেই কার্লোস তেভেজ বলেছেন, ‘মেসি এই গ্রহের কেউ নয়। সেমিফাইনালেও সে অবিশ্বাস্য খেলেছে। ও-ই বিশ্বের সেরা খেলোয়াড়।’ এই কথা এর আগেও অনেকে বলেছেন, এ আর নতুন কী? তবে তেভেজের কারণেই কথাটা একটু আলাদা গুরুত্ব পেতে পারে। বার্সেলোনাকে যেমন মুহূর্তের মধ্যে মেসি একাই জাগিয়ে দিতে পারেন, তেভেজও জুভেন্টাসকে সেভাবে উদ্দীপ্ত করতে পারেন সামনে থেকে। বার্সেলোনার কাছে মেসি যতটা, জুভেন্টাসের কাছে তেভেজ তার চেয়ে কম নয়।
তেভেজের বয়স এখন ৩১, ক্যারিয়ারের গোধূলি এগিয়ে আসছে। কিন্তু জুভেন্টাসের হয়ে এই মৌসুমে এল অ্যাপাচি দুর্দান্ত। ২০ গোল করে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। অনুমিতভাবেই কোপা আমেরিকা দলে ডাক পেয়েছেন। আর কিছুদিন পরই আকাশি-নীল জার্সিতে খেলবেন মেসির পাশে। তার আগে আজ দুজন শত্রুশিবিরে।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে দুজনের দেখা অবশ্য প্রথম নয়। ২০০৯ সালের ফাইনালে বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেডের ফাইনালেও দুজন ছিলেন বিরুদ্ধ দলে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মেসির প্রথমবারের মতো জ্বলে ওঠা সেবারই, মস্কোর ফাইনালে হেড থেকে গোলে নিশ্চিত করেছিলেন জয়। ৪৬ মিনিটে বদলি নেমে তেভেজকে ইউনাইটেডের হয়ে পরাজয়ের বেদনা নিয়েই ছাড়তে হয়েছিল মাঠ।
এরপর মেসি নিজেকে নিয়ে গেছে উঁচু থেকে আরও উঁচুতে। তেভেজও চড়াই-উতরাই পেরিয়ে এখন কাটাচ্ছেন সোনালি সময়। মেসি যেমন বলে দিচ্ছেন, তেভেজের সঙ্গে আজ দেখা হওয়ার জন্য অপেক্ষা করছেন। তেভেজও নিশ্চয়ই প্রহর গুনছেন! রয়টার্স।