এদিকে সালমান, ওদিকে ইনফান্তিনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা সভাপতি হওয়ার দৌড়টা শুরু হয়েছে বেশ আগেই। সেই দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। সভাপতি নির্বাচনে এশিয়ান ফুটবল ফেডারেশনের পূর্ণ সমর্থন পাচ্ছেন বাহরাইনের এই প্রার্থী। ফুটবল মানে এশিয়া যোজন যোজন পিছিয়ে থাকলেও ভোটের রাজনীতিতে এএফসি বেশ প্রভাবশালী। এই অঞ্চলের সমর্থনেই বিশাল এক সময়জুড়ে রাজত্ব করে গেছেন সেপ ব্লাটার। এশিয়ার আরেক প্রার্থী জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইনের তাই কপাল পুড়ছে। অন্যদিকে জিয়ান্নি ইনফান্তিনো নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন। শুধু ইউরোপ নয়, দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনেরও সমর্থন জুটছে তাঁর। ফিফাকে দুর্নীতি ও কলঙ্কমুক্ত করার পথে এই সুইসকে পছন্দ হয়েছে তাঁদের। কনমেবোলের প্রধান হুয়ান অ্যাঙ্গেল নাপুত শুধু সমর্থনই দেননি, ইনফান্তিনোকে সভাপতি করার জন্য সব রকম সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এমন সমর্থন পেয়েও শেষ পর্যন্ত নির্বাচনে না-ও অংশ নিতে পারেন ইনফান্তিনো। মিশেল প্লাতিনি নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতে পারলে তিনি নাকি সরে যাবেন! এএফপি।