প্রিমিয়ার লিগে তাঁদের দুজনের মধ্যে যেন একটা অলিখিত লড়াই চলছে। আবাহনীর স্ট্রাইকার সানডে সিজোবার সঙ্গে পাল্লা দিয়ে গোল করছেন ব্রাদার্সের এনকোচা কিংসলে। দুজনে চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা।
এনকোচা কাল ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ঝলসে উঠলেন, তাঁর পা থেকে এল দারুণ দুটি গোল। সব মিলিয়ে গোল হলো ১৩টি, সানডের চেয়ে একটি কম। এনকোচার নৈপুণ্যে বিজেএমসিকে হারাতে কোনো কষ্টই করতে হয়নি ব্রাদার্সকে (৪-১)। এনকোচা তাই খুশি, ‘যেভাবে গোল পাচ্ছি, তাতে লিগ শেষে সর্বোচ্চ গোলদাতা হতে চাই।’
৮৮ মিনিটে অগাস্টিনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সে ঢোকেন এনকোচা। গোলরক্ষক হিমেলকে ফাঁকি দিয়ে সহজেই করেন ৩-১। শেষ মিনিটে বিজেএমসিকে আরও একবার হতাশায় ডুবিয়ে স্কোর ৪-১ করেন সেই এনকোচা কিংসলেই। দুটি গোলেই ছিল এনকোচার বুদ্ধি আর গোল করার তাড়না। কিছুটা কাদা-মাঠে শুরুর দিকে তেমন স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি। কিন্তু পরে আস্তে আস্তে মানিয়ে নিয়ে দলকে এনে দিলেন সহজ জয়।
ব্রাদার্স জয়ের সুবাস পাচ্ছিল অবশ্য আরও আগেই। তিন মিনিটে ১-০ করলেন শফিকুল। ৬২ মিনিটে অগাস্টিন ওয়ালসনের দুর্দান্ত ফ্রি-কিককে ২-০। গোল শোধে মরিয়া বিজেএমসি ৬৭ মিনিটে ২-১ করল এলিটা কিংসলের গোলে। এই জয়ে ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সাতে ব্রাদার্স। ১৪ পয়েন্ট নিয়ে আটে বিজেএমসি।
আরামবাগ-মুক্তিযোদ্ধা ড্র: আগের ম্যাচে বিজেএমসির কাছে হেরেছিল মুক্তিযোদ্ধা। কালও জয়ে ফিরতে পারেনি লাল জার্সিধারীরা, গোলশূন্য ড্র করেছে আরামবাগের সঙ্গে। অথচ প্রথম পর্বে এই আরামবাগকে গুঁড়িয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধা (৩-০)।
কাল অবশ্য নয় মিনিটে এগিয়ে যেতে পারত আরামবাগ। বক্সের সামান্য বাইরে থেকে মুক্তিযোদ্ধার ডিফেন্ডার মুফতা লাওয়াল ব্যাকপাস দিলে বলটি ধরতে যান গোলরক্ষক মামুন খান। কিন্তু পরে নিজের ভুল বুঝতে পেরে বল ছেড়ে দেন, ততক্ষণে এগিয়ে আসেন আরামবাগের ফরোয়ার্ড কেস্টার আকন। ওই সময় তড়িঘড়ি করে কর্নার করেন মুফতা লাওয়াল। ৪৯ মিনিটে আহমেদ কোলো মুসার জোরালো শটটি আটকে দেন আরামবাগের গোলরক্ষক মিতুল হাসান। বাকি সময়ে দুই দল চেষ্টা করেও গোল পায়নি।
এই ড্রয়ে ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে মুক্তিযোদ্ধা। সমান পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ছয়ে আরামবাগ।
আজ থেকে আপাতত ঢাকায় ম্যাচ নেই। আগামীকাল থেকে এক রাউন্ডের খেলা শুরু হবে ময়মনসিংহে। গতকাল থেকে সেখানে শুরু হয়েছে জোর প্রচারণা। ময়মনসিংহ থেকে লিগ যাবে চট্টগ্রামে। বন্দর নগরীতে খেলা হবে তিন রাউন্ড।