এনকোচায় উদ্ধার মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের সমতাসূচক গোলের পর অধিনায়ক ফয়সালের সঙ্গে উচ্ছ্বাসে মাতলেন মোহামেডান ফরোয়ার্ড তকলিচ (সামনে)। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l হাসান রাজা
দলের সমতাসূচক গোলের পর অধিনায়ক ফয়সালের সঙ্গে উচ্ছ্বাসে মাতলেন মোহামেডান ফরোয়ার্ড তকলিচ (সামনে)। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l হাসান রাজা

ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত ১-১ সমতা। চট্টগ্রাম আবাহনীর কাছে আগের ম্যাচে হারের পর মোহামেডানের ভাগ্যটা তখন সুতোর ওপর ঝুলছে। হঠাৎই আরামবাগের মিডফিল্ডার মোকারম ভূঁইয়ার ব্যাকপাস, গোলরক্ষক মাহফুজ হাসান ক্লিয়ারের চেষ্টা করেও ব্যর্থ। বক্সের মধ্যে দাঁড়ানো মোহামেডানের সুযোগ সন্ধানী ফরোয়ার্ড এনকোচা কিংসলে বলটা পেয়েই পাঠিয়ে দিলেন জালে। মুহূর্তেই মোহামেডান গ্যালারিতে উল্লাস। শেষ পর্যন্ত ‘ভাগ্যগুণে’ পেয়ে যাওয়া ওই গোলই হয়ে গেল ম্যাচের ভাগ্য নির্ণায়ক। ২-১ গোলের এই জয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ভালোভাবেই টিকে রইল সাদা-কালোদের। আগামীকাল চট্টগ্রাম আবাহনী-আরামবাগ ম্যাচটি ড্র হলেও শেষ আটে উঠবে মোহামেডান।

মোহামেডানের ডাগ আউটে সৈয়দ নইমুদ্দিন। আরামবাগে মারুফুল হক। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই দলের গতিময় ফুটবল মাঠের দর্শকেরাও দারুণ উপভোগ করেছে। এমিলি, শরীফ, কোমলদের নিয়ে গড়া অভিজ্ঞ মোহামেডানের বিপরীতে একেবারে তারুণ্যনির্ভর আরামবাগকেই দেখা গেল কাল। এমন বাজে গোল খেয়ে হারের পর মারুফুল হকও বললেন, ‘অভিজ্ঞতার কাছে হেরে গেলাম।’

অথচ ১২ মিনিটে গোল করে ম্যাচের চিত্রনাট্যটা অন্য রকমভাবে লেখার আভাস দিচ্ছিল আরামবাগ। রাজন মিয়ার মাটিঘেঁষা ক্রস থেকে রবিউল ইসলামের গোলটিতে পুরোই হতভম্ব মোহামেডান শিবির। কিন্তু মোহামেডানে এবার খেলছেন জাতীয় দলে অনেক দিন সুযোগ না পাওয়া স্ট্রাইকার তকলিচ। নিজেকে চেনানোর তাগিদেই কি না, প্রায় দেড় বছর পর গত ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গোল করেছিলেন। দারুণ ছন্দে থাকা সিলেটের তরুণ কালও মোহামেডানকে ম্যাচে ফেরালেন। ৩৪ মিনিটে স্যামসান ইলিয়াসুর ব্যাকভলি থেকে প্লেসিংয়ে ১-১। এরপর ৬৬ মিনিটে এনকোচা কিংসলের সুযোগ সন্ধানী ওই গোল। ম্যাচ শেষে উচ্ছ্বসিত সৈয়দ নইমুদ্দিন, ‘আমি ছেলেদের বলেছিলাম হারার আগেই হারবে না। শেষ মিনিট পর্যন্ত লড়াই করবে। তা ছাড়া ভাগ্য তো সাহসীদের পক্ষেই থাকে।’

কোয়ার্টার ফাইনালে রাসেল-জামাল

ঘরোয়া ফুটবলে এমন দৃশ্যটা বিরলই! শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে একদল তরুণ সমর্থক গ্যালারিতে গলা ফাটালেন কাল। ম্যাচ শেষে ‘শেখ রাসেল, শেখ রাসেল’ বলে মিছিল করে গ্যালারির এক মাথা থেকে আরেক মাথায় দৌড়ালেন। ক্লাব কর্মকর্তা ও ফুটবলাররা স্টেডিয়াম ছাড়ার সময় হাত নেড়ে অভিবাদন জানালেন সমর্থকদের উদ্দেশে। গত মৌসুমে অষ্টম হওয়া শেখ রাসেল এবার শুরু থেকেই যেন ভিন্ন চেহারায়। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই ৩-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে। একমাত্র জয়েই উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। আর টানা দুই হারে বিদায় নিয়েছে ফরাশগঞ্জ, শেষ আটে শেখ রাসেলের সঙ্গী শেখ জামালও।

৩২ মিনিটে গোলমুখ খুলেছেন গাম্বিয়ান ফরোয়ার্ড দাউদা সিসে। বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে কোনাকুনি গড়ানো শটে করেন ১-০। চমৎকার ওভারল্যাপিং করে বক্সে ঢুকে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ডিফেন্ডার অরূপ বৈদ্য। ৫৩ মিনিটে দাউদা সিসের ক্রস, গতিময় বলেই পা ছুঁয়ে দিয়ে ৩-০ করেন আমিনুল রহমান। জয়ে মৌসুম শুরু করতে পেরে ভীষণ খুশি শেখ রাসেলের কোচ শফিকুল ইসলাম মানিক, ‘প্রথম ম্যাচ বলেই কিছুটা জড়তা ছিল খেলোয়াড়দের মধ্যে। তারপরও যতটুকু খেলেছে, তাতে আমিই খুশি।’