এনরিকে তবু স্বপ্ন দেখেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা কি চ্যাম্পিয়নস লিগের শেষ আটে জায়গা করে নিতে পারবে? এমন এক জরিপ চালালে ‘হ্যাঁ’ বাক্সে ভোট দেওয়ার লোক কজন পাওয়া যাবে? লুইস এনরিকে অন্তত আছেন। চারদিকে ‘গেল গেল’ রব। বার্সেলোনার বিদায়ঘণ্টা শুনতে পাচ্ছেন বেশির ভাগ মানুষ। সমর্থকেরা বিমর্ষ। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নকআউট পর্বে প্রথম লেগে ৪ বা তার চেয়ে বেশি গোলে পিছিয়ে থাকা কোনো দলের পরের রাউন্ডে যাওয়ার রেকর্ড নেই। কোচ লুইস এনরিকে তবু স্বপ্ন দেখেন—নিজেদের মাঠে ভালো কিছু উপহার দিয়ে শেষ আটে জায়গা করে নেবে বার্সেলোনা!
পিএসজির কাছে ৪-০ গোলের হারে এলোমেলো হয়ে পড়েছে বার্সেলোনা। হতাশা লুকাতে পারেননি এনরিকেও। এর বহিঃপ্রকাশ তিনি করেন ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টিভি থ্রির এক সাংবাদিকের ওপর রেগে গিয়ে, ‘আপনার এই সুর আমার ভালো লাগছে না। আমরা প্রত্যেকবার জয়ের পর যে আচরণটা পাই, আজ (পরশু) হারের পরও একই আচরণ আশা করি।’
ম্যাচটির পর থেকেই বার্সেলোনার হারের চুলচেরা বিশ্লেষণ চলছে চারদিকে। সাধারণ সমর্থক থেকে শুরু করে ফুটবল-পণ্ডিতদের অনেকেই দুষছেন এনরিকের কৌশলকে। ম্যাচটিতে বার্সার সেরা তারকা মেসি ছিলেন অনেকটাই নিষ্প্রভ। ইংল্যান্ডের সাবেক দুই তারকা ফুটবলার রিও ফার্ডিনান্ড আর স্টিভেন জেরার্ড মেসির এই নিষ্প্রভ হয়ে থাকাকেই হারের কারণ মনে করেন। শিষ্যদের প্রতি অভিযোগ বা অনুযোগ নেই এনরিকের। দায় নিজের কাঁধে নিয়েছেন আস্তুরিয়ান এই কোচ, ‘সহজ বিষয় নিয়ে আর সময় নষ্ট না করি—ফুটবল-রোমাঞ্চকর এক খেলা এবং এখানে জটিলতা সব সময়ই থাকে। দায় সব আমার।’
বার্সেলোনা শেষ ষোলোর বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে পারেনি এ ঘটনা সর্বশেষ ঘটেছে ২০০৭ সালে। সেবার লিভারপুলের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল তারা। এই পরিসংখ্যানই হয়তো স্বপ্ন দেখাচ্ছে এনরিকেকে, ‘আমাদের জন্য কাজটা এখন কঠিন। আমরা দ্বিতীয় লেগ আমাদের স্টেডিয়ামে খেলব। আর সত্যি আমাদের বীরত্বপূর্ণ ফুটবল খেলতে হবে। কিন্তু স্বপ্ন কেন দেখব না?’
ফুটবলে শেষ বলে কিছু নেই। আর বার্সেলোনার আক্রমণত্রয়ী মেসি-নেইমার-সুয়ারেজ জ্বলে উঠলে কী হতে পারে, তা-ও সবার জানা। উনাই এমেরিও তাই দ্বিতীয় লেগের ম্যাচটি নিয়ে সতর্ক, ‘পরের ম্যাচটি নিয়ে আমি খুব সতর্ক। একইভাবে চেষ্টা করে যেতে হবে আমাদের।’ বার্সার মাঠ কাম্প ন্যুতে দ্বিতীয় লেগের ম্যাচটি হবে আগামী ৮ মার্চ।