এনরিকে থাকছেন বার্সায়?
বার্সেলোনায় লিওনেল মেসির নতুন চুক্তিটি নিয়ে সরগরম যেন গোটা ফুটবল-বিশ্বই। ঝড় উঠেছিল নেইমারের চুক্তি নিয়েও। দেখতে দেখতে শেষ হয়ে এসেছে তাঁদের গুরুর চুক্তির মেয়াদও। লুইস এনরিকেকে এ নিয়ে তেমন কিছু বলতে শোনা যাচ্ছে না। কোনো আওয়াজ উঠছে না বার্সেলোনা থেকেও। তাহলে কি কাতালান ক্লাবটিতে থাকছেন না এনরিকে?
বার্সার সঙ্গে এনরিকের চুক্তির মেয়াদ আছে চলতি মৌসুমের শেষ পর্যন্ত। দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই ট্রেবল আনেন বার্সেলোনায়। দ্বিতীয় মৌসুমে জেতেন ঘরোয়া ‘ডাবল’। চলতি মৌসুমে অবশ্য খুব একটা ছন্দে নেই তাঁর দল। কারও কারও মনে তাই আস্তুরিয়ান এই কোচের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন জেগেছে। এনরিকে নিজেও এখনো নিশ্চিত নন মৌসুম শেষে কী করবেন, ‘কোনো সন্দেহ নেই, আমি সেরা দল আর সেরা ক্লাবের সঙ্গে আছি। সেরা খেলোয়াড়েরাও এখানে। শিরোপা জেতা, দলের সবকিছুর সঙ্গে জড়িয়ে থাকা...সবই ভালো লাগে।’
সবকিছু যখন ঠিকঠাক চলছে তাহলে সমস্যা কোথায়? বার্সা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তা-ও বলেছেন এনরিকে, ‘সবকিছুর পরও চাকরিটার অন্য একটা দিকও আছে, অনেক কঠিন। এর জন্য অনেক কিছু হারাতেও হয় আমাকে। পরের কয়েক মৌসুমের কথা যখন ভাবি, তখন নেতিবাচক এই দিকগুলোও আসে।’ সূত্র: মার্কা।