এনরিকেতে আশাবাদী পেপ

ওটা তো এক স্বর্ণযুগের গল্প। বার্সেলোনার সমর্থকদের কাছে পেপ গার্দিওলার যুগ যেন স্বপ্নের চেয়েও বেশি কিছু। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ১৪টি ট্রফির গৌরব তিনি এনে দিয়েছিলেন কাতালানদের। এর মধ্যে ছিল তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ-খেতাব। বার্সেলোনার সর্বজয়ীদের দল হয়ে ওঠার ওই সময়টাকে ছাড়িয়ে যাওয়ার দুঃসাহস দেখাবে, এমন কেউ কী আছে? বার্সার দায়িত্ব দুই বছর আগে ছেড়ে দেওয়া গার্দিওলার ভাবনাটা অবশ্য আর সবার চেয়ে ভিন্ন। তিনি মনে করেন বার্সেলোনার বর্তমান কোচ লুইস এনরিকে হয়তো আবারও সেই স্বর্ণযুগ ফিরিয়ে আনতে পারেন। এনরিকের ব্যাপারে দারুণ আশাবাদী গার্দিওলা। তিনি মনে করেন এনরিকের অধীনে বার্সেলোনা বেশ ভালোই করবে। শুধু তা-ই নয়, গার্দিওলার অভিমত, এনরিকে ছাড়িয়ে যাবে খোদ তাঁকেও।
সাফল্যের জন্য বার্সেলোনার নিজস্ব ফুটবল-দর্শনের ওপর জোর দেওয়াটা জরুরি বলে মনে করেন গার্দিওলা। মাঝখানের সময়টায় এই দর্শনের ব্যত্যয়ই কাতালানদের পথভ্রষ্ট করেছে বলে মনে করেন বায়ার্ন মিউনিখের কোচ, ‘হ্যাঁ, নিজস্ব ফুটবল-দর্শনটা খুব জরুরি। সেই দর্শন থেকে মাঝের সময়টায় বার্সেলোনা একটু সরে এসেছিল বলেই মনে করি আমি। আমার সময় বার্সেলোনা যে ফুটবল খেলত, সেটার পুনরাবৃত্তি করার পুরো ক্ষমতা এনরিকের আছে। এবং এটা আমি দৃঢ়তার সঙ্গেই বিশ্বাস করি।’
স্প্যানিশ ফুটবলে লুইস এনরিকে গার্দিওলার খুব ভালো বন্ধু হিসেবেই পরিচিত। ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত এই দুজনের স্মৃতি আছে বার্সেলোনার হয়ে খেলার। ২০০৮-২০১২ পর্যন্ত গার্দিওলার অধীনে বার্সেলোনার যখন স্বর্ণ-সময়, ঠিক একই সময় এনরিকে কাজ করতেন বার্সেলোনা বি দলের কোচ হিসেবে। সূত্র: গোল ডটকম।