এনরিকের আস্থা ভীষণ অসম্ভবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখে শূন্যদৃষ্টি, যেন বিশ্বাসই করতে পারছেন না কী ঘটছে। ৪ গোল খাওয়ার পর টিভি ক্যামেরা বেশ কয়েকবারই খুঁজে নিল বিহ্বল লুইস এনরিকেকে। গত মৌসুমে দায়িত্ব নেওয়ার পর এত বড় ধাক্কা আর খেতে হয়নি বার্সেলোনা কোচকে। বিলবাওয়ের সঙ্গে ৪ গোলের হারের দায় কোচের ওপরও বর্তায়। এনরিকে সেটা নিয়েছেনও, তবে এখনো বিশ্বাস করেন, বার্সেলোনার সম্ভাবনা শেষ হয়ে যায়নি।
ন্যু ক্যাম্পে বিলবাও একটা গোল করলেই বার্সেলোনাকে ৬ গোল করতে হবে। সবচেয়ে বড় কথা, প্রথম ম্যাচে ৪ গোলের ব্যবধানে হারের পর কোনো স্প্যানিশ প্রতিযোগিতায় ফিরে আসার উদাহরণ মাত্র তিনটি। এনরিকে সেসব জেনেও উদ্দীপ্ত করতে চাইছেন দলকে, ‘কেউ যদি এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে তাহলে সেটা বার্সাই। সোমবার পর্যন্ত আমরা অপেক্ষা করব, নিজেদের সবকিছু দেওয়ার চেষ্টা করব।’
খুব বেশি পেছনে অবশ্য যেতে হবে না বার্সেলোনাকে। দুই বছর আগেই চ্যাম্পিয়নস লিগে সান সিরোতে এসি মিলানের কাছে ২-০ গোলে হেরে ফিরতি ম্যাচটা ৪-০ গোলে জিতেছিল। আন্দ্রেস ইনিয়েস্তাও তাই উদ্দীপ্ত করতে চাইছেন সতীর্থদের, ‘পরশু কিছুই ঠিকঠাক হয়নি আমাদের। কিন্তু এখনো কিছুই অসম্ভব নয়। আমাদের বিশ্বাস করতে হবে, আমরা ঘুরে দাঁড়াতে পারি। এরপর কী হয় সেটা দেখা যাবে।’
এনরিকের সবচেয়ে বড় মাথাব্যথার নাম অবশ্য এখন রক্ষণ। বার্সেলোনা কোচ উদ্বেগটা গোপন করলেন না, ‘আমরা অনেক বেশি গোল খাচ্ছি, ব্যাপারটা উদ্বেগেরই। আমরা সেটা বিশ্লেষণ করে ঠিক করার চেষ্টা করব। ফুটবলে ভুল হবেই। আমাদের বিপক্ষে গোল করা কঠিন ছিল, সেটাই এখন সবার কাছে খুব সহজ মনে হচ্ছে।’
দলে পরিবর্তন আনার পক্ষে এনরিকের যুক্তি, ‘আমাকে তো খেলোয়াড়দের সুরক্ষা দিতে হবে। মৌসুমের এই পর্যায়ে এসে কয়েকজনের ওপর ১২০ মিনিট খেলার বোঝা চাপিয়ে দিতে পারি না। আর এ মুহূর্তে মনে হয় না অজুহাত খোঁজার সময়। আমি নিজের দায়টা মেনে নিচ্ছি।’
অ্যাথলেটিক বিলবাওয়ের অবশ্য এসব নিয়ে ভাবার সময় নেই। ১৯৪৫ সালের পর বার্সেলোনার সঙ্গে এত বড় জয়, এখন তো উদ্যাপনেরই সময়। কিন্তু হ্যাটট্রিক হিরো আরিজ আদুরিজ ভুলে যাচ্ছেন না, আরও একটা লেগ আছে, ‘বার্সেলোনা তাদের মাঠে ৪ গোল দিতে পারবে না, এমন ভাবলে চলবে না। তারা সেরা দল এবং যেকোনো কিছু করার ক্ষমতা আছে।’
আদুরিজের কথা থেকে মেসিরা এখন অনুপ্রেরণা নিতে পারেন! এএফপি।