
প্যারিস বললেই মানসপটে ভেসে ওঠে আকাশচুম্বী আইফেল টাওয়ার, মোহিনী মোনালিসা। ফ্রান্সের রাজধানীটা হলো নবদম্পতিদের মধুচন্দ্রিমার শহর। তবে বার্সেলোনার কোচ হিসেবে লুইস এনরিকের এত দিন ধরে চলতে থাকা মধুচন্দ্রিমার শেষই দেখছে প্যারিস। দায়িত্ব নেওয়ার পর থেকে তো মোটামুটি মসৃণই গেছে তাঁর দিনগুলো। সত্যিকার অর্থে বড় কোনো বাধা পেরোতে হয়নি। আজ বার্সার নতুন কোচের প্রথম বড় পরীক্ষাই নেবে পিএসজির সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটা।
বার্সার জন্য একটা ভুলে যাওয়ার মতো মৌসুম গেছে গতবার। অনেক বছর পর মৌসুমটা কেটেছে ট্রফিহীন। এবার এনরিকের ছোঁয়ায় বার্সা যেন আড়মোড়া ভেঙে জেগে উঠেছে। লিগে এখন পর্যন্ত ছয়টি ম্যাচের মাত্র একটিতে ড্র করেছে। গত ম্যাচে গ্রানাডাকে উড়িয়ে দিয়েছে ৬ গোলে। এনরিকের সবচেয়ে বড় কৃতিত্বটা অবশ্য অন্যদিকে। ভঙ্গুর রক্ষণ যেন কোনো জাদুবলে প্রাচীর তুলে দাঁড়িয়েছে, নতুন মৌসুমে বার্সার জালে একবারও বল যায়নি! এনরিকের কণ্ঠে শোনা যাচ্ছে সেই আত্মবিশ্বাসেরই স্ফুরণ, ‘এ মুহূর্তে প্যারিসে ভালো করতে পারবে না সে রকম কাউকেই আমি দেখছি না। এটা আমার কাছে বাড়তি একটা সুবিধাই।’
বার্সেলোনা-পিএসজি আজকের ম্যাচে খানিকটা পুনর্মিলনীর আবহও থাকবে। দুই দলের দুই কোচ, এনরিকে ও লরা ব্লাঁ, দুজনই একসময় বার্সেলোনায় সতীর্থ ছিলেন। পিএসজির এই দলের ইব্রাহিমোভিচ, থিয়াগো মোত্তা, ম্যাক্সওয়েলরা একসময় খেলে গেছেন বার্সায়। তবে গোড়ালির পুরোনো চোট আজ নামতে দিচ্ছে না ইব্রাকে। ফলে পুরোনো ক্লাবের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হচ্ছে না।
এমনিতেই ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের ফর্মটা ভালো যাচ্ছে না, ঘরোয়া লিগে এখন তারা ৪ নম্বরে। গত পাঁচটি ম্যাচের চারটিতেই ড্র করেছে পিএসজি, যার একটি চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের সঙ্গে। এ অবস্থায় ইব্রাহিমোভিচকে হারানো ব্লাঁর জন্য বড় একটা ধাক্কা। তবে পিএসজি কোচ দাবি করলেন এটি নিয়ে খুব বেশি চিন্তিত নন তিনি, ‘গত মৌসুমে লিগে আমাদেরই আধিপত্য ছিল। এবার একই দল ও একই কোচ নিয়ে আমরা কিন্তু জিততে পারছি না। ব্যাপারটা কি উদ্বেগজনক? জিতলে আমরা আত্মবিশ্বাসী থাকতাম, এটা মানি। তবে বার্সেলোনার সঙ্গে আমাদের আলাদা প্রতিযোগিতা। কিছু সমস্যা ও সেসব নিয়ে উদ্বেগ থাকলেও মনোবলটা ভালোই আছে। গত মৌসুমে ৩ বা ৪ গোলে জিতলে যেমনটা দিত, খেলোয়াড়েরা তার চেয়েও বেশি পরিশ্রম করছে।’
দুই দলের সর্বশেষ সাক্ষাতের স্মৃতিটা বেশি দিন আগের নয়। গত বছরই চ্যাম্পিয়নস লিগের শেষ আটে দুই দলের দুটি ম্যাচই ড্র হয়েছিল। তবে অ্যাওয়ে গোলের সুবাদে ভাগ্যে শিকে ছেঁড়ে বার্সারই।
পিএসজি-বার্সা ম্যাচের ওপর সবার চোখ থাকবে। তবে বায়ার্ন-সিএসকেএ ম্যাচটা টিভিতে অনেকেই দেখবেন, গ্যালারিতে কেউ দেখবেন না। উয়েফার নিষেধাজ্ঞায় সিএসকেএর মাঠে আজ কোনো দর্শকই যে থাকবে না! দুই ইংলিশ ক্লাব চেলসি ও ম্যানচেস্টার সিটিও নামছে আজ। লিসবনে চেলসির প্রতিপক্ষ স্পোর্টিং, আর ম্যানচেস্টারে খেলবে রোমা। এএফপি।
আজ মুখোমুখি
সিএসকেএ - বায়ার্ন
ম্যান সিটি - রোমা
পিএসজি - বার্সেলোনা
অ্যাপোয়েল - আয়াক্স
স্পোর্টিং লিসবন - চেলসি
শালকে - মারিবর
বাতে বরিসভ - বিলবাও
শাখতার - পোর্তো
* প্রথমে স্বাগতিক দল