এনরিকের মুখে জাভির প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগেও শোনা যাচ্ছিল বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন জাভি হার্নান্দেজ। কিন্তু শেষ পর্যন্ত মত পাল্টে ৩৪ বছর বয়সী মিডফিল্ডার বার্সেলোনাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তে বার্সেলোনার নতুন কোচ লুইস এনরিকে উচ্ছ্বসিত। বলেছেন, ‘আমি খুবই আনন্দিত যে জাভি এখানেই থাকছে।’

সম্পর্কটা এখন গুরু-শিষ্য হলেও একসময় তাঁরা ছিলেন সতীর্থ। রিয়াল মাদ্রিদ ছেড়ে এনরিকে ১৯৯৬ সালে যোগ দেন বার্সেলোনায়। এর দুই বছর পর বার্সার মূল দলে জাভির অভিষেক। ২০০৪ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার আগে ৪৪ বছর বয়সী এনরিকে তাই বার্সেলোনায় ছয়টি বছর খেলেছেন জাভির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। কখনো মাঝমাঠে জুটি বেঁধেছেন, কখনো স্ট্রাইকারের ভূমিকায় এনরিকে গোল করেছেন জাভির পাস থেকে। জার্ভির সামর্থ্য তাই এনরিকের ভালো করেই জানা। যদিও কিছুদিন ধরেই জাভিকে মনে হচ্ছে জাভির ছায়া।

তবে গত শনিবার প্রাক-মৌসুম প্রস্তুতিতে বার্সেলোনার দ্বিতীয় ম্যাচেই আলো ছড়িয়েছেন জাভি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ফরাসি ক্লাব নিসের সঙ্গে পেনাল্টি থেকে দলের সমতাসূচক গোলটিও তিনিই করেছেন। নিসেও প্রথমে এগিয়ে যায় পেনাল্টি থেকে গোল করেই। ম্যাচটা ১-১ ড্র হলেও দলের খেলায় সন্তুষ্ট কোচ এনরিকে, ‘ম্যাচে আমাদের দেখার ছিল খেলোয়াড়েরা কে কেমন অবস্থায় আছে, যাতে আমরা তাদের বলতে পারি কার কোথায় উন্নতি করতে হবে।’ প্রথমার্ধে যেমনই হোক, দ্বিতীয়ার্ধে জাভি নামার পরই পাল্টে যায় বার্সেলোনার খেলা। এনরিকে সাবেক সতীর্থের পারফরম্যান্সে যাকে বলে বিমুগ্ধ, ‘জাভি চাইলে আরও এক, দুই, তিন বছর খেলতে পারবে। অন্য সবকিছুর চেয়ে তার মানসিক শক্তিমত্তার ওপরই নির্ভর করব আমি। সে এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আমি খুবই খুশি। প্রত্যেকেই আমাকে বলেছে যে জাভির পারফরম্যান্স ছিল খুবই উঁচু মানের। আমি মনে করি, সব সময়ই তা ছিল।’ দ্য মার্কা।