এনরিকের মেসি-ভাগ্য

ম্যাচের ২৫ মিনিটেই এল সেই মাহেন্দ্রক্ষণ। ডান দিক থেকে দৌড় শুরু করে দুজন ডিফেন্ডারকে পাশ কাটালেন। লিওনেল মেসির বাঁ পায়ের মাটিঘেঁষা শটটা খুঁজে নিল প্রতিপক্ষের জাল। লা লিগার প্রথম খেলোয়াড় হিসেবে ৩০০ গোল হয়ে গেল মেসির! পরশু স্পোর্টিং গিজনের বিপক্ষে এ ম্যাচেই আরেকটি গোল পেয়েছেন মেসি, বার্সেলোনাও পেয়েছে ৩-১ গোলের জয়।
দুর্দান্ত ফর্মে থাকা বার্সার সামনে গিজন বাধা হতে পারবে না, এটা একরকম অনুমিতই ছিল। এই জয় বার্সাকে অপরাজিত রাখল ৩১ ম্যাচ, আরেকটি লা লিগা জয়ের দিকে আরেকটু এগিয়ে গেল তারা। মেসিকে নিয়ে লুইস এনরিকে নতুন করে আর কী বলবেন? কিন্তু দলের উজ্জ্বলতম রত্নটির এমন অর্জনে কিছু তো বলতেই হয়। বার্সা কোচ যা বললেন, সেটির চেয়ে বড় প্রশংসা আর কিছু হয় না, ‘মেসির কোচ হতে পারাটাই সৌভাগ্যের ব্যাপার!’
এই জয়ে বার্সেলোনা এখন লা লিগায় দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে। আর ১৪ ম্যাচ বাকি, শিরোপার জন্য এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। যদিও শিরোপার সুবাসটা এনরিকে পেতে শুরু করেছেন। তবে বার্সা কোচ অত দূরে এখনো তাকাচ্ছেন না, ‘আমি এই পরিস্থিতিতে খুবই আশাবাদী। সবকিছুই আমাদের অনুকূলে। কিন্তু এখনো কিছুই হয়নি। যখন মৌসুমের শেষ দিকের ম্যাচগুলো চলে আসে, বিশেষ করে শেষ ১০টি, দলগুলোর জিততে আরও বেশি কষ্ট হয়। তখন পয়েন্ট পাওয়াও অনেক কঠিন।’
মেসির পাশে লুইস সুয়ারেজও হাসিমুখে মাঠ ছাড়তে পেরেছেন, এই মৌসুমে নিজের ৪০তম গোল পেয়ে গেছেন। সেটা আনন্দের চেয়ে বেশি স্বস্তিই দিয়েছে বার্সা স্ট্রাইকারকে, এর আগে যে পেনাল্টি নষ্ট করেছেন! এত সব প্রাপ্তির মধ্যে এই একটা অস্বস্তিই হয়তো খচখচ করছে এনরিকের মনে। এই মৌসুমে ১৬টি পেনাল্টির আটটি থেকেই গোল করতে পারেনি বার্সা! এনরিকে অবশ্য সেটা বড় করে দেখছেন না, ‘এটা এমন কিছু নয়। লিও, লুইস ও নেইমারের ওপর আমার আস্থা আছে। ওরা সবাই দারুণ পেনাল্টি নেয়। আমরা অবশ্যই এই ক্ষেত্রে উন্নতি করতে চাইব, তবে দায়িত্বটা ওরা নিজে থেকেই নিয়েছে।’ এএফপি।