
জার্সি হলুদ, সঙ্গে বিকেলের রোদ মিলিয়ে টিভির পর্দায় কেমন যেন অদ্ভুতুড়ে লাগছিল বার্সেলোনাকে। ছাপটা থাকল তাদের পারফরম্যান্সেও। লেভান্তের মাঠে কাল ম্যাচটা ২-০ গোলে কাতালানরা জিতেছে। তবে লিগের তলানিতে থাকা দলটির সঙ্গে প্রথমার্ধের আত্মঘাতী গোল আর ম্যাচের যোগ করা সময়ে প্রতি-আক্রমণে লুইস সুয়ারেজের গোলে জিতে তারা নিশ্চয়ই খুশি হতে পারেনি।
মৌসুমে এই পর্যন্ত লিগে ম্যাচপ্রতি গড়ে প্রায় দুটি করে গোল খেয়েছে লেভান্তে, ম্যাচের আগে তো ভাবা গিয়েছিল এমএসএন ত্রয়ী না তাদের ছিঁড়েখুঁড়ে ফেলেন! কিন্তু কিছুই হলো না। নেইমার কিছুটা চেষ্টা করেছেন, মেসি যেন ছিলেন না মেসির মধ্যে। সুয়ারেজের গোলে সহায়তা আর দুবার অফসাইডে থেকে গোল করা ছাড়া তাঁকে ম্যাচে খুব একটা দেখা যায়নি। সুয়ারেজেরও একই অবস্থা। ৯২ মিনিটে গোলটি করার আগে উরুগুইয়ান স্ট্রাইকারও ছিলেন ম্লান।
তবে বার্সা কোচের কাছে এমন জয়টিও স্মরণীয় হয়ে থাকবে। বার্সেলোনায় এটি কোচ লুইস এনরিকের শততম ম্যাচ। তাতে ৮০তম জয়টি পেয়েছেন। এই জয়ে ২০১০-১১ মৌসুমে পেপ গার্দিওলার বার্সার টানা ২৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়ে ফেলল এনরিকের বার্সা। টানা অপরাজিত থাকার স্প্যানিশ রেকর্ডও এটি। গত ৩ অক্টোবর লিগে সেভিয়ার বিপক্ষে ম্যাচের পর সব প্রতিযোগিতা মিলিয়ে আর হারের সঙ্গে দেখা হয়নি বার্সার। এএফপি, সনি ইএসপিএন।