এনরিকের সামনে ভিলানোভার '১০০'
সপ্তাহ খানেক আগে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হওয়ার আগে আর্সেন ওয়েঙ্গার দলটাকে বলেছিলেন ‘প্রায় নিখুঁত’। মৌসুমটাও প্রায় নিখুঁতই যাচ্ছে বার্সেলোনার। সেল্টা ভিগোকে হেসেখেলে ৬-১ গোলে উড়িয়ে দেওয়া হোক, হোক সেভিয়া-লাস পালমাসের বিপক্ষে কষ্টে পাওয়া ২-১ গোলের জয়—বার্সেলোনার থামার যেন কোনো লক্ষণ নেই। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার স্প্যানিশ রেকর্ড ছুঁয়েছে তারা। কঠিন পরিস্থিতিতেও মেসি-নেইমার-সুয়ারেজরা মুহূর্তের চমকে যেভাবে ম্যাচ বের করে দিচ্ছেন, তাতে এই অপরাজিত ধারাটা আরও বড়ই হবে মনে হচ্ছে।
লিগে এখনো ১২টি ম্যাচ বাকি, শিরোপা প্রায় নিশ্চিতই হয়ে গেছে বার্সার। তবে কোচ এনরিকের ধারণা, বাকি ম্যাচগুলোর কোনো একটি পর্যায়ে বার্সা হোঁচট খেতে পারে। তবে হোঁচট যদি তারা না খায়, তাহলে অসাধারণ একটা রেকর্ডই সঙ্গী হবে কাতালান ক্লাবটির। ২০১২-১৩ মৌসুমের লিগের টিটো ভিলানোভার বার্সেলোনার পাওয়া ১০০ পয়েন্টের মাইলফলক পেরিয়ে যাবে এনরিকের বার্সা।
অকালপ্রয়াত কোচ ভিলানোভা ওই একটা মৌসুমই ছিলেন বার্সার ডাগ-আউটে। তাতেই মেসি-ভিয়া-অ্যালেক্সিসদের নিয়ে অনন্য কীর্তি গড়ে নিজের নামটি ক্লাব ইতিহাসে লিখে রেখে গেছেন। এবার এনরিকের দলের সামনে সুযোগ ওই কীর্তিকে পেরিয়ে যাওয়ার। এখন পর্যন্ত ২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট বার্সার। বাকি ১২ ম্যাচে জিতলে সেটি হয়ে যাবে ১০২!
লিগের বাকি ১২ ম্যাচের প্রথম ৮টি জিততে পারলে এনরিকের বার্সা গড়বে আরেকটি রেকর্ড। শুধু ভিলানোভা নয়, পেপ গার্দিওলার অবিস্মরণীয় বার্সারও একটি রেকর্ড ভেঙে যাবে। বার্সেলোনাকে নিয়ে লিগে টানা ১৬ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছিলেন গার্দিওলা। এ মুহূর্তে লিগে টানা ৯ ম্যাচ জিতেছে মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ীর বার্সেলোনা। আর যদি বাকি ১২ ম্যাচই জিতে যায় বার্সেলোনা, তাহলে তো টানা জয়ের রেকর্ড গিয়ে দাঁড়াবে ২১-এ। স্পোর্ত।