এনামুল-ওয়েডসন লড়াই আজ
প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে শেখ জামালের সঙ্গে শিরোপা দৌড়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী থাকবে কে? মৌসুম শুরুর আগে আবাহনী বা শেখ রাসেল ক্রীড়াচক্রের নামটিই উঠে এসেছে আগে। কিন্তু এখন পর্যন্ত লিগের ৮ ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় দুইয়ে মুক্তিযোদ্ধা! মাঝারি সারির দল গড়েও শিরোপার দাবি নিয়ে দলটি একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আবাহনী-শেখ জামাল বা শেখ জামাল-শেখ রাসেল ম্যাচ নয়, আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু শেখ জামাল বনাম মুক্তিযোদ্ধাই লিগের প্রথম পর্বে সবচেয়ে বড় ম্যাচ!
টানা ৬ ম্যাচ জেতা শেখ জামাল গত দুটি ম্যাচে ড্র করেছে। তবে ৮ ম্যাচে ৬ জয়, ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে শেখ জামালই এখনো শীর্ষে। ৫ জয়, ১ ড্র ও ২ হারে ১৬ পয়েন্ট মুক্তিযোদ্ধার।
প্রথম চার ম্যাচে জয় তোলা মুক্তিযোদ্ধা মাঝে তিন ম্যাচে ছন্দ হারিয়ে ফেলেছিল। গত ম্যাচে আবাহনীকে হারিয়ে আবার ফিরেছে জয়ের ধারায়। অধিনায়ক এনামুল হক ফিরে পেয়েছেন নিজেকে, দলকে টেনে নিচ্ছেন সামনে। এখন পর্যন্ত ৭ গোল সর্বোচ্চ গোলদাতার নামও এনামুল। তাঁকে আটকানোর ওপরই শেখ জামালের রণকৌশল অনেকটাই নির্ভর করবে।
শেখ জামালের তিন অস্ত্র ওয়েডসন, ডার্লিংটন ও ল্যান্ডিং ত্রাস হতে পারেন মুক্তিযোদ্ধার জন্য। লিগে এ পর্যন্ত প্রথম দুজনেরই গোল পাঁচটি করে। গত দুই ম্যাচেই তাঁরা দুজন গোল পাননি। দলও পয়েন্ট হারিয়েছে। শেখ জামালের জন্য এই দুজনের জ্বলে ওঠা তাই খুবই জরুরি। লড়াইটা আসলে দুই দল ছাপিয়ে হয়ে দাঁড়াচ্ছে এনামুল-ওয়েডসন!