এনামুলকে মনে ধরেছে ক্রুইফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোডভিক ডি ক্রুইফ
লোডভিক ডি ক্রুইফ

সকালে ঢাকায় নেমেই বিকেলে তাঁর গন্তব্য বঙ্গবন্ধু স্টেডিয়াম। প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ বেশ মনোযোগ দিয়ে দেখলেন লোডভিক ডি ক্রুইফ। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের জন্য খেলোয়াড় নির্বাচনের কাজটা কালই শুরু করে দিয়েছেন জাতীয় দলের কোচ।
ফিট ও পারফর্ম করছেন এমন খেলোয়াড়ই চান। তবে ক্লাব দলে বেঞ্চে বসে থাকা খেলোয়াড়দের ব্যাপারে নেতিবাচকই ডাচ কোচের মনোভাব। এর মধ্যে রায়হান, সোহেল, মামুনুলদের চোট তাঁকে ভাবাচ্ছে। কোচ খুঁজে বেড়াচ্ছেন জাতীয় দলকে সেবা দিতে পারেন এমন খেলোয়াড়।
মুক্তিযোদ্ধা-মোহামেডান ম্যাচ দেখে তাঁর নোট বুকে উঠে গেছে কয়েকটি নাম। সেগুলো এখনই প্রকাশ করতে নারাজ। তবে মুক্তিযোদ্ধার অধিনায়ক এনামুলের ব্যাপারে জানতে চাইলে বেশ ইতিবাচকই মনে হলো ডি ক্রুইফকে। অভিজ্ঞ এই ফরোয়ার্ড বছর চারেক পর জাতীয় দলের ফেরার দাবি জোরালো করেছেন লিগে ধারাবাহিকভাবে ভালো খেলে। ছয় ম্যাচে ৬ গোল পেয়েছেন। মৌসুমে মোট ১১। সর্বশেষ গোলটি কাল করেছেন কোচের সামনেই।
এনামুলের খেলা দেখে ডি ক্রুইফ খুশিই, ‘এনামুল ঠিক মেসির পজিশনে খেলে। সে মেসি এটা বলছি না, তবে তার মুভমেন্ট খুব ভালো। এদিক-ওদিক সব দিকেই থাকে। ওকে অবশ্যই দেখব।’
মোহামেডানের ‘নাম্বার টেন’ তৌহিদুল আলম সবুজকেও তাঁর ‘ভালোই মনে হয়েছে।’ কাল বেশ নজর কেড়েছেন সাদা-কালোদের তরুণ মিডফিল্ডার জুয়েল রানা। অনূর্ধ্ব-২৩ দলে তাঁকে দেখার অভিজ্ঞতায় কোচের মূল্যায়ন, ‘ছেলেটা ভালোই খেলে। তবে ওর সমস্যা মানসিকতায়। লাজুক...ছেলে।’
শুধু প্রিমিয়ার লিগ নয়, বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারের ওপরও রেখেছেন কড়া নজর। এর আগে একবার ঢাকায় ট্রায়াল দিতে আসা জার্মানিপ্রবাসী রিয়াসাত খাতনের সঙ্গে ডি ক্রুইফের যোগাযোগ বেশ নিবিড়। রিয়াসাত ১ জুন জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন বলে জানালেন ক্রুইফ। বর্তমানে ফিলিপাইনের প্রথম বিভাগের দল পাচাংহগা দিলিমান এফসিতে খেলেন রিয়াসাত। তবে দলটির হয়ে তিনি নিয়মিত নন।
এ ছাড়া ইউরোপভিত্তিক আরও তিনজন ফুটবলারের ওপর চোখ রেখেছেন কোচ। তাঁরা আছেন ওয়েলস ও জাপানে। বাফুফের সংকেত পেলে নিয়ে আসবেন ঢাকায়। আগামী মাসের তৃতীয় সপ্তাহে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হলেই ক্যাম্প শুরু। তবে গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার আজ থেকেই পাঁচ-ছয়জন গোলরক্ষককে নিয়ে কাজে নেমে পড়ছেন। কাল তাঁকেও ডি ক্রুইফের সঙ্গে নোট বই নিয়ে ব্যস্ত সময় কাটাতে দেখা গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
১১ জুন কিরগিজস্তান ও ১৬ জুন তাজিকিস্তানের সঙ্গে হোম ম্যাচ বাংলাদেশের। গ্রুপের বাকি দুটি দল জর্ডান ও এশিয়ান কাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই গ্রুপকে ‘খুবই কঠিন’ বললেও সুযোগটা কাজে লাগাতে চান, ‘গ্রুপে আমরা তৃতীয় হতে চাই। এই লক্ষ্য পূরণ করতে পারলে ২০১৯ এশিয়ান কাপে খেলার দুয়ার খুলে যাবে।’
সেই লক্ষ্য পূরণে একজন বিদেশি ট্রেনার চাইছেন। বাফুফের সংকেত মিললে সেই ট্রেনার আসতে পারেন সার্বিয়া থেকে। দুটি প্রস্তুতি ম্যাচও চাইছেন তিনি। বিশ্বকাপ ও এশিয়ান কাপের এই বাছাইপর্ব নিয়ে আর সবার মতো রোমাঞ্চিত ডি ক্রুইফও।