এনামুলে উজ্জ্বলতর মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুলের গোল উদ্‌যাপন। কাল শেখ রাসেলের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
এনামুলের গোল উদ্‌যাপন। কাল শেখ রাসেলের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

শেষ বাঁশির পর উৎফুল্ল মুক্তিযোদ্ধা দল প্রতিপক্ষকে দিল সান্ত্বনা। অধিনায়ক এনামুল সবার আগে। শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলোয়াড়েরা এনামুলের সঙ্গে সৌজন্য বিনিময়ের সময় হয়তো মনে মনে এটাই বলেছেন, ‘তুমিই তো সর্বনাশটা করলে হে। এখন দিচ্ছ সান্ত্বনা!’
প্রতিপক্ষের দীর্ঘশ্বাস এভাবে বাড়িয়েই চলেছেন নওগাঁর ছেলে। গোল করছেন, করাচ্ছেন। রক্ষণে নেমে আক্রমণ ঠেকিয়ে আবার প্রতিপক্ষের বক্সে। সেই দুরন্ত এনামুল কাল আরও ভয়ংকর চেহারায় দেখা দিলেন শেখ রাসেলের মতো শিরোপার বড় দাবিদারদের সামনে। তাতেও দুর্দমনীয় এনামুল দলকে জিতিয়ে নিলেন ২-১ গোলে।
বড় বাজেটের দল শেখ রাসেল হেরে গেল লিগের তৃতীয় ম্যাচেই। মুক্তিযোদ্ধা করল চারে চার। সবাইকে চমকে শেখ জামালের সঙ্গে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে এখন মুক্তিযোদ্ধা।
জোড়াতালি দিয়ে দল গড়া মুক্তিযোদ্ধা ৪-৫ নম্বরে থাকার লক্ষ্যই রেখেছিল প্রাথমিকভাবে। ফেডারেশন কাপ থেকেই তারা ভাবছে আরও ওপরে যাওয়া সম্ভব। সেই বিশ্বাস থেকেই ‘মধ্যবিত্ত’ মুক্তিযোদ্ধা এখন ‘উচ্চবিত্ত’।
কঠোর পরিশ্রমী এনামুলের নেতৃত্বে আত্মবিশ্বাস উপচে পড়ছে খেলোয়াড়দের। ফেডারেশন কাপে তাঁর ৫ গোল। কালকের একটিসহ লিগে ৪। ২১ মিনিটে রাসেল ডিফেন্ডার পেতরিচের ভুলে বল পেলেন মুক্তিযোদ্ধার একাদশে খেলা ‘বুড়ো’ কাঞ্চন, যাঁর উদ্যম এখনো তরুণদের জন্য শিক্ষণীয়। কাঞ্চনের তোলা এক ক্রস বুক দিয়ে নামিয়ে দারুণ ভলিতে জালে পাঠান এর আগে–পরে অন্তত দুটি গোল বাঁচানো এনামুল।
৩০ মিনিটে ১-১। জাহিদের ফ্রি-কিকে পল এমিলির হেডে লক্ষ্যভেদ। বিরতির পরপরই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রাসেলের মাঝমাঠের অন্যতম অস্ত্র হেমন্তকে। প্রায় পুরো দ্বিতীয়ার্ধ একজন কম নিয়ে খেলছে ‘অল ব্লুজ’। জয়ের রাস্তাও তাই খুলে যায় লাল জার্সিধারীদের সামনে।
৬৩ মিনিটে শেখ রাসেলের বুকে বেঁধে শেল। ডিফেন্ডার সায়েদুল ক্রস করেছিলেন বক্সে। গোলকিপার মামুন খান সহজ বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। সেনেগালের স্ট্রাইকার কামারা সারবার ফ্লিকে স্কোরলাইন হলো ২-১। রাসেলের কোচ দ্রাগান দুকানোভিচ ক্ষুব্ধ তাঁর রক্ষণ ও গোলকিপারের ওপর, ‘দুটি স্টুপিড ভুলেই আমরা হেরে গেলাম।’
আবু ইউসুফের তত্ত্বাবধানে মুক্তিযোদ্ধা দলটা বেশ গোছানো। জয়ের জন্য তারা ক্ষুধার্ত। একসঙ্গে ওঠা-নামা করছে গোটা দল। বেশ কিছুদিন পর কোচিংয়ে ফিরে ইউসুফ দলটাকে বেঁধেছেন ঐক্যের তারে, ‘জেতার জন্য ছেলেরা মাঠে প্রয়োজনীয় সবই করতে পারছে।’
এটিরই অভাব শেখ রাসেলে। স্ট্রাইকার এমিলি ওপরে তেমন সমর্থন পাচ্ছেন না। পল এমিলি খেলেন একটু নিচ থেকে। ফলে বেশির ভাগ সময় দেখা যায় এমিলি মাঠে শুধু হাঁটাহাঁটি করছেন। দুটি কষ্টার্জিত জয়ের পর কাল তাই আর শেষ রক্ষা হয়নি।